পাঁচ দিনের এসএমই মেলা শুরু হচ্ছে বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা-২০১৭। কাল বুধবার থেকে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করেছে।
আয়োজকেরা জানিয়েছেন, পাঁচ দিনের এ মেলায় সারা দেশের ২০০ এসএমই প্রতিষ্ঠানের ২১৬টি স্টল থাকবে। এসব স্টলে উদ্যোক্তাদের নিজেদের তৈরি দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ২০১২ সাল থেকে প্রতিবছর নিয়মিতভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে।
মেলা উপলক্ষে গতকাল সোমবার দুপুরে রাজধানীর পান্থপথে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম মেলা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, এসএমই উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ স্থাপন, উদ্যোক্তা ও ভোক্তার মধ্যে সংযোগ তৈরি এবং উৎপাদিত পণ্য ও সেবার ক্ষেত্রে বিভিন্ন মহলের মতামত ও পরামর্শ গ্রহণ করা।
আয়োজকেরা বলেন, মেলা আয়োজনের পাশাপাশি জাতীয় এসএমই উদ্যোক্তা ও এসএমই ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া মেলা উপলক্ষে এসএমই খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তিনটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক শাহীন আনোয়ার বলেন, গত কয়েক বছরে ঢাকায় জাতীয় পর্যায়ে আয়োজিত এসএমই মেলায় গড়ে আড়াই কোটি টাকার মতো পণ্য বিক্রি হয়েছে। আর বিক্রির আদেশ পাওয়া গেছে গড়ে সাড়ে তিন কোটি টাকার। এবারের মেলায় এর চেয়ে বেশি পণ্য বিক্রির আশা করা হচ্ছে।
আয়োজকেরা আরও বলেন, পাঁচ দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে।
এসএমই ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তারা বলেন, চলতি ২০১৬-১৭ অর্থবছরে এরই মধ্যে দেশের আট বিভাগের আট জেলায় এসএমই মেলা অনুষ্ঠিত হয়েছে। এসব মেলায় গড়ে ৫০ থেকে ৭০ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মেলার কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশব্যাপী ও জাতীয় পর্যায়ে আয়োজিত এসএমই মেলায় এ খাতের উদ্যোক্তাদের শুধু দেশীয় এবং নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ দেওয়া হয়।