পাঁচ প্রতিষ্ঠান ও এক বিনিয়োগকারীকে ২৮ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ আইন ভঙ্গকারী ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে এবার কঠোর হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তার অংশ হিসেবে ধারাবাহিকভাবে বিভিন্ন ব্রোকারেজ হাউসকে জরিমানা করা হচ্ছে।

বিএসইসির গতকাল মঙ্গলবারের এক সভায় পাঁচটি ব্রোকারেজ হাউসকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সে সঙ্গে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এক বিনিয়োগকারীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে বিএসইসি পাঁচ প্রতিষ্ঠান ও এক বিনিয়োগকারীকে মোট ২৮ লাখ টাকা জরিমানা করেছে। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যে পাঁচটি ব্রোকারেজ হাউসকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো  এনবিএল সিকিউরিটিজ, গেটওয়ে ইক্যুইটি রিসোর্সেস, ট্রান্সকন সিকিউরিটিজ, খুরশিদ সিকিউরিটিজ ও বে রিচ। এদের মধ্যে গেটওয়ে ইক্যুইটিকে সর্বোচ্চ ১০ লাখ, ট্রান্সকন ও বে রিচকে পাঁচ লাখ করে মোট ১০ লাখ, খুরশিদ ও এনবিএল সিকিউরিটিজকে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এ ছাড়া নিয়ামুল কবির নামের বে রিচ লিমিটেডের এক বিনিয়োগকারীকে জরিমানা করা হয়েছে ।

বিএসইসি জানিয়েছে, গেটওয়ে ইক্যুইটি রিসোর্সেস নামের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে সেটির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিমকে পরিশোধিত মূলধন ও সঞ্চিত আয় থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার ঋণসুবিধা দিয়েছে। ওই টাকা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিজ নামে শেয়ারবাজারে বিনিয়োগ করেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি ঋণবহির্ভূত শেয়ারে ঋণসুবিধা ও নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা না দিয়েও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ট্রান্সকন, এনবিএল ও খুরশিদ সিকিউরিটিজকে আইনের একাধিক ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণবহির্ভূত শেয়ারে ঋণসুবিধা প্রদান, ঋণচুক্তি ছাড়া গ্রাহকের নগদ হিসাবে ঋণসুবিধা প্রদান, পাঁচ লাখ টাকার বেশি নগদে লেনদেন, পরিচালকদের ঋণসুবিধা প্রদান, স্টক ডিলার সনদ নিয়েও বিনিয়োগ না করার প্রমাণ পাওয়া গেছে। কমিশনের নিয়মিত পরিদর্শনে এসব অনিয়ম ও আইন লঙ্ঘনের ঘটনা উদ্ঘাটন করা হয়।