পাঁচ বছর কর অবকাশ সুবিধা চায় ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসইর প্রতিনিধিদলের বৈঠক
অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসইর প্রতিনিধিদলের বৈঠক

ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমপক্ষে পাঁচ বছর কর অবকাশ সুবিধা চেয়েছে ডিএসই কর্তৃপক্ষ। আজ বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এনবিআর চেয়ারম্যান মো. গোলাম হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে এই সুবিধা প্রদানের প্রস্তাব দেয় ডিএসইর একটি প্রতিনিধিদল।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সভাপতি আহসানুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আলাদাভাবে দেখা করে। প্রতিনিধিদল অর্থমন্ত্রী ও এনবিআরের চেয়ারম্যানের কাছে তিনটি প্রস্তাব দেয়। কর অবকাশ সুবিধা ছাড়াও ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী সময়ে প্রাথমিক শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার ইস্যুর ক্ষেত্রে পাওয়া এককালীন কাগুজে মূলধনী লাভ ও ব্লকড হিসাবে রক্ষিত শেয়ার বিক্রয়কালীন মূলধনী লাভকে করমুক্ত রাখা এবং ডিমিউচ্যুয়ালাইজেশনের পর ডিএসইর ইস্যুকৃত শেয়ারের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে ডিম্যাটেরিয়ালাইজড শেয়ার হওয়ায় ১ দশমিক ৫ শতাংশ স্ট্যাম্প শুল্কের অব্যাহতি প্রদানের প্রস্তাব দিয়েছে ডিএসই।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডিএসইর পক্ষ থেকে ডিএসই ও সিএসই যৌথ স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে যে নতুন ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা এগিয়ে নিতে বিএসইসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে শেয়ারবাজার-সংক্রান্ত অনার্জিত মূলধনী লাভের প্রভিশনিং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাবভুক্তির সময় বাড়ানো এবং ব্রোকারেজ হাউসের নতুন শাখা খোলার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা বর্তমানে রয়েছে, তা সীমিত আকারে অত্যাবশ্যকীয় ক্ষেত্রে চালু করা যায় কি না, তা বিবেচনা করারও অনুরোধ জানানো হয়। অর্থমন্ত্রী ডিএসইর প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন বলে ডিএসইর জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক ইশতিয়াখ আহমেদ সোহাগ জানান।

বৈঠকে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি মিজানুর রহমান খান, পরিচালক আহমেদ রশীদ লালী, আবদুল হক, মো. হানিফ ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমন, শরীফ আনোয়ার হোসেন, খুজিস্তা নূর-ই-নাহারীন, শেখ কবির হোসেন ও মোহাম্মদ রুহুল আমিন সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন।