পাঁচ বছর পর চীন হবে বিলাসপণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার
আগামী পাঁচ বছরের মধ্যে চীন হয়ে উঠবে বিলাসপণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার। ফ্রান্স, ব্রিটেন, ইতালি ও জাপানকে টপকে এই স্থানে যাবে দেশটি। তবে প্রথম স্থানে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোমনিটরের এক গবেষণায় এই পূর্বাভাস তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিলাসপণ্যের বাজারে উন্নত দেশগুলোর প্রাধান্যই বজায় থাকবে। কিন্তু অর্থনৈতিক টানাপোড়েনে এসব দেশের চাহিদা সংকুচিত হচ্ছে। অন্যদিকে উদীয়মান অর্থনীতির দেশগুলোতে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ এখানে নতুন চাহিদা তৈরি করছে।গবেষণায় আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে বিলাসপণ্যের বিক্রি এ বছর ৩০ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হতে পারে, যা ২০১১ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। এসব পণ্যের মধ্যে প্রাধান্য থাকবে হালফ্যাশনের হাতব্যাগ, পোশাক, অলংকার, ঘড়ি, দামি মদ ইত্যাদির।গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমের উন্নত দেশগুলো ও জাপানে এ বছর বিলাসপণ্যের চাহিদা তেমন জোরালো নয়। কিন্তু ব্রিক দেশগুলো অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনে চাহিদা বেশ জোরালো। ব্রিক দেশগুলো সমন্বিতভাবে বিশ্বে বিলাসপণ্যে মোট বিক্রির ১১ শতাংশ জোগান দেবে। এর অর্থমূল্য হবে তিন হাজার ৩০০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ চার বাজার—যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি ও ফ্রান্স-মোট বিক্রির অর্ধেকে সম্পন্ন করবে। সূত্র: ইকোনমিক টাইমস।