পাঁচ বছরে বিনিয়োগ প্রয়োজন ১,৬৫,৫০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরে আরও ১২ হাজার ৮৫৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এর মধ্যে সাত হাজার ৬৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকার নিজে বিনিয়োগ করবে। আর বাকি পাঁচ হাজার ১৭১ মেগাওয়াট বেসরকারি বিনিয়োগে হবে।
পাশাপাশি পল্লি এলাকায় নতুন করে সংযোগ পাবেন ৪০ লাখ গ্রাহক। আর সংস্কার ও নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন হবে ৯০ হাজার কিলোমিটার।
তবে এই বিপুল বিদ্যুৎ উৎপাদনে ২০১৬ সালের বাজারমূল্যে বিনিয়োগ করতে হবে ১ লাখ ৬৫ হাজার ৫০০ কোটি টাকা। এর প্রায় অর্ধেক বা ৮০ হাজার ৭০০ কোটি টাকার বিনিয়োগ আসবে বেসরকারি খাত থেকে।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১৬-২০২০) খসড়া দলিলে এ পরিকল্পনা করা হয়েছে। গতকাল রোববার এ দলিলের অবকাঠামো খাত নিয়ে আলোচনা হয়। এতে বিদ্যুৎ খাত নিয়ে এসব পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিশেষজ্ঞরা বক্তব্য দেন। সবাই বলেছেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ দরকার।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম মূল প্রবন্ধে বলেন, ২০১৫ সাল নাগাদ দেশে ১৩ হাজার ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় উৎপাদন হয়েছে সাত হাজার ৭৭১ মেগাওয়াট। এ ছাড়া কয়লা নীতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দেওয়া হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামে এখন বিদ্যুৎ উৎপাদন হয় ৩৮ হাজার মেগাওয়াট। ২০২০ সালে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন হবে ৭২ হাজার মেগাওয়াট। তখন আমাদের উৎপাদন দাঁড়াবে ২০ হাজার মেগাওয়াট। এ নিয়েই আমাদের প্রতিযোগিতা করতে হবে।’ তিনি জানান, আগামী পাঁচ বছরে ভারত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দ্বিগুণ করবে। ভারত কীভাবে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করবে, তা থেকেও শিক্ষা নেওয়া যেতে পারে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগে গ্রামে গেলে সবাই বলত, রাস্তা দেন। এখন বলে পাঁচটি বিদ্যুতের খুঁটি দেন। সবাই এখন বিদ্যুৎ চায়।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মনে করেন, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন সরকারের একার পক্ষে সম্ভব নয়। বেসরকারি খাতের বিনিয়োগ আনতে হবে। পুঁজিবাজারে শেয়ার ছেড়ে বিনিয়োগের জন্য অর্থ উত্তোলন করা যেতে পারে। আগামী পাঁচ বছরে প্রতিবছর গড়ে ১২০০-১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তিনি জানান, ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র ধাপে ধাপে তুলে দেওয়া হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্বালানিবিষয়ক বিশেষজ্ঞ ম তামিম বলেন, ‘পল্লি এলাকার জন্য বিদ্যুৎ উৎপাদন না করে যেন সঞ্চালন ও বিতরণ লাইন টানা না হয়। তা হলে আবারও ‘‘খাম্বা পার্টি’’ হয়ে যাবে।’
সড়ক, রেল, নৌপথ: একই আলোচনায় সড়ক, রেল ও নৌপথের মতো অবকাঠামো খাত নিয়েও আলোকপাত করা হয়। মূল প্রবন্ধে বলা হয়েছে, আসন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৩০০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। ৩৪০ কিলোমিটার সড়ক নির্মিত হবে। এ ছাড়া উপজেলা পর্যায়ে পাঁচ হাজার কিলোমিটার, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে আট হাজার কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। অন্যদিকে আগামী পাঁচ বছরে ৫৭৬ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের লক্ষ্যও রয়েছে। এ ছাড়া ৭১২ কিলোমিটার দ্বৈতগেজ রেলপথ হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ‘জোনিং’ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করতে হবে। যেখানে অগ্রাধিকার বেশি সেখানেই উন্নয়ন করা উচিত। তাঁর মতে, উপজেলা পর্যায়ের সড়কে ভারী যানবাহন চলাচলে নিষিদ্ধ করা দরকার। কেননা ভারী যান চললে সড়ক ক্ষতিগ্রস্ত হয়, বারবার মেরামত করতে হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, পল্লি এলাকার সড়ক নিয়মিত মেরামত করলে চলাচল মসৃণ হয়।
এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ পরামর্শ দেন, সব বড় যোগাযোগ অবকাঠামোই পার্শ্ববর্তী দেশগুলোকে ট্রানজিট দেওয়ার বিষয়টি মাথায় রেখে করা উচিত।