
আগামী পাঁচ বছরে দেশীয় পণ্যের রপ্তানি সাত হাজার ৫০০ কোটি (৭৫ বিলিয়ন) ডলারে উন্নীত করতে ব্যবসায়ীদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেছেন, ‘এ বছর রপ্তানি হতে পারে ৩০ বিলিয়ন (তিন হাজার কোটি ডলার)। পাঁচ বছরে এটা ৭৫ বিলিয়ন ডলার হবে—এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা আপনাদের (রপ্তানিকারক) জন্য চ্যালেঞ্জ।’
ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি বা ফ্যাশন উদ্যোগ) প্রথম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের উদ্দেশে বলেন, আপনারা চিন্তা করেন কীভাবে রপ্তানিকে সেখানে নিয়ে যাবেন।
মূল্য সংযোজন কর (মূসক) সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘অনেকেই ১৫ শতাংশ ভ্যাটকে অনেক বেশি মনে করেন। অনেক দেশেই তা ১০ শতাংশ কিংবা আট শতাংশ। সেটা আমরাও করতে পারি। তবে এ জন্য দরকার হিসাবব্যবস্থার সংস্কার। সেটা আমরা করছি। আশা করি ২০১৫ সালে তা সম্পন্ন করতে পারব।’
মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান বলেন, ‘একসময় রমজান মাসে পাকিস্তানি পণ্যের মেলা হতো। ওই মেলা শেষে তারা পাইকারি বাজারে সেসব পণ্য রেখে যেত। আর ওই পণ্যের জন্য আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য মার খেত, যারা সারা বছর বসে থাকত রমজানে পণ্য বিক্রির জন্য। বিষয়টি নিয়ে আমি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি। পরে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমাকে জানান, উচ্চ লবিংয়ের কারণে তিনি ব্যবস্থা নিতে পারেননি। এ ক্ষেত্রে আমার বক্তব্য হলো, আমরা লবিংকে বড় করে দেখব নাকি নিজের দেশের পণ্যকে।’
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, দেশে পোশাক খাতের পশ্চাদমুখী সংযোগ শিল্প বেশ গড়ে উঠেছে। কিন্তু অগ্রবর্তী সংযোগ শিল্প গড়ে উঠেনি। পোশাক খাতের এমন শিল্প হচ্ছে ফ্যাশন ডিজাইন। পোশাক শিল্পের উৎসে কর দশমিক ৮ শতাংশ থেকে দশমিক ৩ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।
এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, রাজনৈতিক অস্থিরতায় সারা দেশের সব খাতের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি পোষাতে বিজিএমইএ ও বিকেএমইএর মতো সব খাতেই প্রণোদনা দেওয়া উচিত।
অনুষ্ঠানে ফ্যাশন উদ্যোগের সভাপতি আজহারুল হক সংগঠনের পক্ষ থেকে কিছু নীতিসহায়তার দাবি জানান। এর মধ্যে রয়েছে—দেশীয় ফ্যাশন শিল্পকে বিশেষ অগ্রাধিকার খাত ঘোষণা; এ শিল্পের জন্য পাঁচ থেকে সাত শতাংশ হার সুদে ঋণের ব্যবস্থা করা; সমমূলধনী উদ্যোক্তা তহবিল চালু; নির্দিষ্ট সময়ের জন্য কর অবকাশ সুবিধা; আমদানি করা তৈরি পোশাকে অতিরিক্ত শুল্ক আরোপ।
সমিতির প্রথম আহ্বায়ক মনিরা এমদাদ বলেন, ‘রাজনৈতিক কারণে বিভিন্ন সময় আমাদের দোকান বন্ধ রাখতে হয়। এটা আমাদের আত্মহত্যার সমান।’ তিনি বলেন, ফ্যাশন হাউসগুলো যদি ভালো মানের কাপড় পায় তাহলে বিশ্ববাজারে তাদের পোশাকের রপ্তানি কয়েক গুণ বাড়ানো সম্ভব হবে।
অনুষ্ঠানে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাক্রাফটের সভাপতি এস ইউ হায়দার ও সাবেক সভাপতি মালেকা খান, জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দশেখর সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সংগীতশিল্পী শাকিলা জাফর ও বাপ্পা মজুমদার, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম ও ফ্যাশন উদ্যোগের সহসভাপতি আশরাফুর রহমান বক্তব্য দেন।