পাঁচ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
সদ্য বিদায়ী অর্থবছরে বিগত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন হারে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে ৯১ শতাংশ এডিপি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বছরের শুরুতে হাঁকডাক দিয়েও এডিপির পুরো টাকা খরচ করা যায়নি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, গত অর্থবছরে মোট ৭১ হাজার ৭৯ কোটি টাকা খরচ হয়েছে, যা সংশোধিত এডিপির ৯১ শতাংশ। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়সহ সংশোধিত এডিপির আকার ছিল ৭৭ হাজার ৮৩৬ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্রায় বরাদ্দ থাকা ৫০ হাজার ১০০ কোটি টাকার মধ্যে ৪৫ হাজার ৯৬২ কোটি টাকা খরচ হয়েছে। আর বিদেশি সহায়তার ২৪ হাজার ৯০০ কোটি টাকার মধ্যে ২২ হাজার ৫৬৯ কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ২ হাজার ৮৩৬ কোটি টাকার মধ্যে ২ হাজার ৫৪৮ কোটি টাকা ব্যয় হয়েছে।
বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার বিগত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে প্রতিবছরই টাকা খরচের পরিমাণ বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৯৩ শতাংশ। সেবার সংশোধিত এডিপির আকার ছিল ৬৩ হাজার ৯৯১ কোটি টাকা, খরচ হয়েছে ৫৯ হাজার ৭৫৯ কোটি টাকা। এর আগের বছর ৫৭ হাজার ৩৮৮ কোটি টাকার সংশোধিত এডিপি নেওয়া হলেও খরচ হয়েছিল ৫২ হাজার ৫১০ কোটি টাকা। বাস্তবায়ন হার ৯১ শতাংশ। ২০১১-১২ অর্থবছরে ৪১ হাজার ৮০ কোটি টাকার সংশোধিত এডিপির খরচ করা সম্ভব হয়েছে ৯৩ শতাংশ বা ৩৮ হাজার ২৩ কোটি টাকা। অন্যদিকে ২০১০-১১ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার ছিল ৯২ শতাংশ। সেবার সংশোধিত এডিপির আকার ছিল ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা, খরচ ৩২ হাজার ২৮৫ কোটি টাকা।
বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় তাদের জন্য যত বরাদ্দ ছিল, তার চেয়ে বেশি খরচ করেছে। এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ২ হাজার ৫৯ কোটি টাকা, খরচ হয়েছে ২ হাজার ২৮৫ কোটি টাকা। বাস্তবায়ন হার ১১১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে খারাপ করেছে রাষ্ট্রের সবচেয়ে বেশি রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। ২২৫ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ১২৫ কোটি টাকা খরচ করেছে এ বিভাগটি। বাস্তবায়ন হার ৫৪ শতাংশ।