পাঁচ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
অর্থবছরের শুরুতে নেওয়া হয় বিশাল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। কিন্তু বাস্তবায়ন করতে না পেরে প্রতিবারই তা কাটছাঁট করা হয়। শেষ পর্যন্ত সেই সংশোধিত এডিপিও আর পুরোপুরি বাস্তবায়িত হয় না। এর ব্যতিক্রম হয়নি প্রায় শেষ হয়ে আসা ২০১৫-১৬ অর্থবছরেও।
চলতি অর্থবছরের জুলাই-মে ১১ মাসে সংশোধিত এডিপির মাত্র ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
এই তথ্য পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি); যা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই ’১৫ থেকে মে ’১৬ পর্যন্ত এডিপি থেকে খরচ হয়েছে ৫৮ হাজার ৭৬ কোটি টাকা। গত অর্থবছর একই সময়ে খরচ হয়েছিল ৫১ হাজার ৯৯৭ কোটি টাকা বা বরাদ্দের ৬৭ শতাংশ। তার আগের তিন বছরে একই সময়ে এডিপির যথাক্রমে ৬৬, ৬৭ ও ৭০ শতাংশ বাস্তবায়িত হয়েছিল।
এডিপিতে ৫৪টি মন্ত্রণালয় ও বিভাগের অধীনে মোট ১ হাজার ৫৫০টি প্রকল্প রয়েছে। প্রকল্প বাস্তবায়নের দুর্দশার উদাহরণ হলো চলতি অর্থবছরের ১১ মাস পেরিয়ে গেলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) এক টাকাও খরচ করতে পারেনি। সংস্থাটির একটি প্রকল্পে বরাদ্দ রয়েছে ১০ লাখ টাকা। চারটি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের চার ভাগের এক ভাগ, অর্থাৎ ২৫ শতাংশ অর্থও খরচ করতে পারেনি। সেগুলো হচ্ছে আইন ও সংসদবিষয়ক বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতায় বাস্তবায়নে বরাদ্দ করা হয় ৯৭ হাজার কোটি টাকা, যা মূল এডিপি হিসেবে পরিচিত। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের ৩ হাজার ৯৯৭ কোটি টাকাসহ এডিপির মোট আকার দাঁড়ায় ১ লাখ ৯৯৭ কোটি টাকা। গত মাসে এডিপি কাটছাঁট করে ৯৩ হাজার ৮৯৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়। এটি সংশোধিত এডিপি নামে পরিচিত।
আইএমইডির হালনাগাদ তথ্যমতে, আলোচ্য জুলাই-মে ১১ মাসে সরকারের নিজস্ব তহবিল বা অভ্যন্তরীণ উৎসের ৩৭ হাজার ৫৮৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া বিদেশি সহায়তার ১৭ হাজার ৭৩৪ কোটি টাকা খরচ করেছে মন্ত্রণালয়গুলো। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৭৫৯ কোটি টাকা খরচ হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে একজন প্রকল্প পরিচালক শুধু একটি প্রকল্পে থাকতে পারবেন। গুরুত্বপূর্ণ প্রকল্পে পরিচালক নিয়োগ দেওয়া হবে সাক্ষাৎকার নিয়ে। পরিচালকদের অবশ্যই প্রকল্প এলাকায় থাকতে হবে। এ জন্য বাসস্থানের ব্যবস্থা থাকবে।