পাঁচ বছরে সর্বনিম্ন রাজস্ব আয়
দেশের শেয়ারবাজার থেকে সরকারের রাজস্ব আদায় অর্ধেকে নেমেছে। সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছর শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৮৬ কোটি টাকা। এর আগের অর্থবছরে (২০১১-১২) এর পরিমাণ ছিল ১৬৯ কোটি টাকা। সেই হিসাবে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে প্রায় ৮৩ কোটি টাকা বা ৪৯ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে গত অর্থবছর শেষে রাজস্ব আয়ের পরিমাণ ছিল প্রায় ১০ কোটি টাকা। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরে সিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে সাড়ে ৯ কোটি টাকা।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজারে লেনদেন কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমে গেছে।ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, টানা দরপতন ও লেনদেন কমে যাওয়ার কারণে সরকারের রাজস্ব আদায় কমেছে, সমানভাবে কমেছে ব্রোকারেজ হাউসের আয়ও। তিনি আরও বলেন, ২০১০ সালের ধসের পর বাজারে খুব বেশি নতুন বিনিয়োগকারী আসেননি। আর বিদ্যমান বিনিয়োগকারীদের একটি বড় অংশ প্রান্তিক ঋণের (মার্জিন লোন) জালে আটকে পড়ে লেনদেনের সক্ষমতা হারিয়েছে। এর ফলে লেনদেন আশঙ্কাজনকভাবে কমে যায়।ডিএসইর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে সদ্য সমাপ্ত অর্থবছরে সরকার শেয়ারবাজার থেকে সর্বনিম্ন রাজস্ব আদায় করেছে। ২০০৮-০৯ অর্থবছরে ডিএসইর লেনদেন থেকে সরকারের রাজস্ব আহরণের পরিমাণ ছিল প্রায় ২৬৮ কোটি টাকা। ২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে এর পরিমাণ ছিল যথাক্রমে ১২৮, ৩২৬ ও ১৬৯ কোটি টাকা। এই পাঁচ অর্থবছরের মধ্যে শেয়ারবাজার থেকে সরকার সর্বোচ্চ রাজস্ব আদায় করেছিল ২০১০-১১ অর্থবছরে। ২০১০ সালে প্রায় পুরো সময়জুড়ে শেয়ারবাজারে বেশ তেজিভাব ছিল। ওই বছরের ৫ ডিসেম্বর ডিএসইর সাধারণ সূচক বেড়ে সর্বোচ্চ আট হাজার ৯১৯ পয়েন্টে ওঠে। এরপর শেয়ারবাজারে ধস নামে। আর তাতে লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন। ঘটেছে বিনিয়োগকারীর আত্মহত্যার মতো ঘটনা।