পাঁচ বছরেই বাংলাদেশের ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌশিক বসু, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
কৌশিক বসু, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

আগামী পাঁচ বছর, অর্থাৎ​ ২০২০ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত করা সম্ভব বলে মনে করেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক আয়োজিত লোকবক্তৃতার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৌশিক বসু এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত লোকবক্তৃতার বিষয়বস্তু ছিল ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’। বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
লোকবক্তৃতায় কৌশিক বসু বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন উড়ন্ত সূচনার পর্যায়ে রয়েছে। বিনিয়োগ বাড়লে প্রবৃদ্ধি হবেই। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৯ শতাংশের সমপরিমাণ বিনিয়োগ হচ্ছে। এটা সুন্দর ভবিষ্যতের একটি সংকেত।
প্রশ্নোত্তর পর্বে এই অর্থনীতিবিদের কাছে জানতে চাওয়া হয়, ২০২০ সালের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত করা সম্ভব হবে কি না? জবাবে তাঁর সোজাসাপটা জবাব, ‘হ্যাঁ’। আরও ব্যাখ্যা করে তিনি বলেন, আট শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পথটা যখন শুরু হয়েছিল, তখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকংয়ের বিনিয়োগের পরিমাণ ওই দেশের জিডিপির ৩০ শতাংশের মতো ছিল। বাংলাদেশও এখন এমন অবস্থায় রয়েছে। যদি বিনিয়োগ ৩৩-৩৪ শতাংশে উন্নীত করা যায়, তবে আট প্রবৃদ্ধি অর্জন খুবই সম্ভব।
কৌশিক বসু পূর্বাভাস দেন, এ বছর বাংলাদেশ সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। আগামী বছর তা ছয় দশমিক ৭ শতাংশে উন্নীত হবে, যা চীনের সমান। এ তুলনা ৫-১০ বছর আগে চিন্তা করাও দুরূহ ছিল। তিনি বলেন, ‘এ কথা বললে অত্যুক্তি হবে না, শিগগিরই এশিয়ার নতুন বাঘ হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশ।’

দারিদ্র্য বিমোচন, আয়ুষ্কাল বৃদ্ধি, শিশু মৃত্যু হ্রাসসহ বাংলাদেশের সামাজিক খাতের অগ্রগতির প্রশংসা করে কৌশিক বসু বলেন, ১৯৯২ সালে থেকে এ পর্যন্ত ভারতের জনগণের মাথাপিছু আয় তিনগুণ বেড়েছে। কিন্তু সামাজিক খাতে তেমন অগ্রগতি হয়নি। সামাজিক খাতের অগ্রগতিতে ভারতের চেয়ে পরিষ্কার এগিয়ে আছে বাংলাদেশ। এ অর্জনকে তিনি ‘রিমার্কেবল’ হিসেবে দেখছেন।

অর্থনীতির এমন সম্ভাবনার মধ্যে বাংলাদেশের সামনে দুটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন কৌশিক বসু। এর মধ্যে একটি হলো অবকাঠামো দুর্বলতা, অপরটি কার্যকর নীতির অভাব। তিনি বলেন, অবকাঠামো দুর্বলতা দূর করতে কার্যকর বন্দর, বিদ্যুৎ উৎপাদন, ব্যবসায় অবকাঠামো তৈরি করতে হবে। আর দুর্নীতি ও অপচয় বন্ধ হয়—এমন নকশা করেই নীতি তৈরি করতে হবে। এ নীতির সুফল পাবে যারা, তাদের বুদ্ধিমত্তা ও সক্ষমতা বিবেচনায় আনতে হবে।

বিশ্বায়ন সম্পর্কে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, বিশ্বায়নকে কেউ পছন্দ করতে পারে, আবার কেউ নাও করতে পারে। কিন্তু এটাই এখন বাস্তবতা। বাংলাদেশ, চীন ও ভারতের মতো দেশ বিশ্বায়ন থেকে সুবিধা পাচ্ছে। আবার কোনো কোনো দেশ অসুবিধায়ও পড়ছে। কিন্তু বিশ্বায়ন এখন জীবনের অংশ। অর্থনৈতিক উদারীকরণের কারণে বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশ অনেক বেশি সম্পৃক্ত। তাই বিশ্ব অর্থনীতি আক্রান্ত হলে বাংলাদেশও আক্রান্ত হতে পারে। এ অঞ্চলের জ্বালানি নিরাপত্তায় আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন তিনি। নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ যেন ভারত ও বাংলাদেশ ব্যবহার করতে পারে, এ জন্য সহযোগিতার তাগিদ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশ এখন ‘টেক অফ’ পর্যায়ে রয়েছে। মাথাপিছু আয় দ্রুত বাড়ছে। আয় বৈষম্য বাড়েনি, পল্লি এলাকায় কমেছে। মুঠোফোনে আর্থিক সেবা নিয়ে প্রতিদিন ৫০০ কোটি টাকা গ্রামে পাঠায় শহরের শ্রমিক শ্রেণির মানুষ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরু পাক্ষ পাল সূচনা বক্তব্য দেন। এ সময় তিনি কৌশিক বসুর জীবনের নানা দিক তুলে ধরেন। এ ছাড়া তিনি তাঁর বক্তব্যে বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির বিবরণ দেন।