পাঁচ বছরেও এনসিটি চালু হয়নি
সাড়ে চার বছর আগে এ সরকার দায়িত্ব নেওয়ার সময় সম্পূর্ণ তৈরি অবস্থায় ছিল চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। এ সরকারের মেয়াদ প্রায় শেষ। তার পরও চালু করতে পারল না দেশের সবচেয়ে বড় এই টার্মিনালটি।গত ৮ মে এই টার্মিনাল চালু করতে অপারেটর নিয়োগের দরপত্র বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। এই দরপত্রের প্রক্রিয়া শুরু হয়েছিল চার বছর নয় মাস আগে, ২০০৮ সালের ১১ আগস্টে। দরপত্র বাতিলের পর হাচিসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড, ডিপি ওয়ার্ল্ড, এপিএম টার্মিনালস ও ইন্টারন্যাশনাল কনটেইনার টার্মিনাল সার্ভিসেস (আইসিটিএস) এসব আন্তর্জাতিক অপারেটর ফিরে গেছে।জানা গেছে, বেসরকারি অপারেটর বা পরিচালনাকারী নিয়োগে সময়ক্ষেপণের কারণেই মূলত এটি চালু করতে ব্যর্থ হয়েছে সরকার। এই অবস্থায় সেটি নিজস্ব ব্যবস্থাপনায় চালু করার উদ্যোগ নিচ্ছে বন্দর। তাতেও কিন্তু দুই বছরের বেশি সময় লাগবে বলে মনে করেন বন্দরের কর্মকর্তারা। অর্থাৎ বহুল প্রত্যাশিত এনসিটি এই সরকারের আমলে আর পুরোদমে চালু হচ্ছে না।জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘টার্মিনাল পরিচালনার দরপত্র নিয়ে মামলা হয়। যে কারণে এই এনসিটি দ্রুত চালু করতে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার সুপারিশ করেছিলাম।’ তিনি আরও বলেন, ‘কার আমলে এটি চালু হলো সেটি মুখ্য বিষয় নয়। কারণ, একবার ভুল করলে ১৫-২০ বছর মাশুল দিতে হবে। তবে নিজস্ব ব্যবস্থাপনায় চালুর এই সিদ্ধান্ত আরও আগে কার্যকর করা যেত।’ বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় ও নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নিজস্ব ব্যবস্থাপনায় চালুর ব্যাপারে অনুমোদন পাওয়ার পরই এটি চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সময় লাগলেও দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।’এদিকে বন্দরের কর্মকর্তারা মনে করেন, এক কিলোমিটার লম্বা এই টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর যতটা ক্ষমতা আছে, মংলা ও চট্টগ্রাম বন্দরের অন্য সব জেটি-টার্মিনাল মিলিয়েও ততটা নেই। এ কারণে বিশ্বখ্যাত অপারেটরদের দ্বারা এ টার্মিনাল পরিচালনা হলে বন্দরের দক্ষতাও বাড়ত কয়েক গুণ। রপ্তানি খাত, বিশেষ করে পোশাকশিল্প খাতের দুই হাজার ১৫১ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানিতে গতি আসত।বন্দর ব্যবহারকারী সবচেয়ে বড় খাত পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী মনে করেন, বেসরকারি প্রতিষ্ঠানের হাতে এটি ছেড়ে দিয়ে বন্দরের দক্ষতা যেমন বাড়ানো যেত, তেমনি প্রতিবেশী দেশের পণ্য ওঠানো-নামানোরও সুযোগ থাকত। বন্দর কর্তৃপক্ষের হাতে পূর্ণ ক্ষমতা দেওয়া হলে অনেক আগে এটি চালু করা সম্ভব হতো। ব্যয় বাড়ছে ৬৮২ কোটি টাকা: বন্দরের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে টার্মিনালের জেটি নির্মাণ শেষ হওয়ার পর এই প্রকল্প পুরোদমে চালুর জন্য যন্ত্রপাতি খাতে তখন বিনিয়োগ ধরা হয়েছিল প্রায় ৯৩৫ কোটি টাকা। তবে পাঁচ বছরের ব্যবধানে এখন বিনিয়োগ করতে হবে এক হাজার ৬১৭ কোটি টাকা। অর্থাৎ এ সময়ক্ষেপণের কারণে ব্যয় বাড়ছে ৬৮২ কোটি টাকা।বন্দরের হিসাব অনুযায়ী, নিজস্ব বিনিয়োগে টার্মিনালটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় বাড়তি ব্যয়ের বোঝাও টানতে হবে বন্দর কর্তৃপক্ষকে। কারণ, টার্মিনালটি নির্মাণে ইতিমধ্যে বন্দরের ৫৮২ কোটি টাকা খরচ হয়ে গেছে। নির্মাণ খরচ ও যন্ত্রপাতিসহ সব মিলিয়ে এই টার্মিনাল পুরোদমে চালু করতে বন্দরের মোট ব্যয় দাঁড়াবে দুই হাজার ১৯৯ কোটি টাকা।