পাঁচ বছরেও দ্বিগুণ হয়নি রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বর্তমানে ভিয়েতনামে যে পরিমাণ পণ্য রপ্তানি করে, দেশটি থেকে আমদানি করে তার ১০ গুণের বেশি। অথচ পাঁচ বছর আগেও আমদানি-রপ্তানি প্রায় সমানই ছিল।
ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানির এ ব্যবধান অর্থাৎ বাণিজ্য-ঘাটতি প্রতিবছরই বাড়ছে। তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনে করেন, ব্যবধান কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের ওষুধ।
সচিবালয়ে গতকাল রোববার ভিয়েতনামের সফররত বাণিজ্য ও শিল্পবিষয়ক ভাইস মিনিস্টার হোয়াং কোক ভুয়াংয়ের নেতৃত্বাধীন সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, ভিয়েতনামের বাজারে বাংলাদেশের ওষুধ বেশ জনপ্রিয়। বাংলাদেশ থেকে যে পরিমাণ ওষুধ বর্তমানে ভিয়েতনাম আমদানি করে, ভাইস মিনিস্টার আশ্বাস দিয়েছেন আগামী দিনে তা আরও বাড়ানোর উদ্যোগ নেবেন তিনি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ভিয়েতনামে ৩ কোটি ৭২ লাখ ডলারের পণ্য রপ্তানি করে। ওই বছর দেশটি থেকে আমদানি করা হয় ৪ কোটি ২৫ লাখ ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতি ছিল ৫৩ লাখ ডলার। ২০১৩-১৪ অর্থবছরে ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানি বেড়ে হয়েছে ৫ কোটি ৫৯ লাখ ডলার। অন্যদিকে সেই দেশ থেকে বাংলাদেশের আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ২২ লাখ ডলার। অর্থাৎ চার বছর বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ডলার।
শুধু ওষুধ রপ্তানি বাড়লেই ভিয়েতনামের সঙ্গে এত বিশাল ব্যবধানের বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব কি না—সে ব্যাপারে কিছুই বলেননি বাণিজ্যমন্ত্রী। ভিয়েতনাম বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি তৈরি খাতে বিনিয়োগ করবে বলে জানান তিনি।
রাজনৈতিক প্রসঙ্গ: বাণিজ্য ও বিনিয়োগ প্রসঙ্গে কথা বলার পর সাংবাদিকদের বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, শুধু আসন্ন সিটি করপোরেশন নয়, বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদে যত নির্বাচন হবে—সবগুলোতেই অংশ নেবে বিএনপি।
কোন বিশ্বাস থেকে এমন কথা বলছেন—জানতে চাইলে তোফায়েল বলেন, ‘এ ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। কারণ, ৫ জানুয়ারির (২০১৪) নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ধাক্কা খেয়েছে, আমার মনে হয় এখন তারা সব নির্বাচনে অংশ নেবে।’
সুযোগের সমতা (লেভেল প্লেয়িং ফিল্ড) না থাকলে বিএনপি আসবে কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রীর দাবি, সবার জন্য সুযোগের সমতা রয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, ‘অনেকেই বলছেন, বিএনপিকে বের হওয়ার রাস্তা (এক্সিট পয়েন্ট) দেবেন না? নাশকতা থেকে বেরিয়ে এসে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়াই বিএনপির জন্য এক্সিট পয়েন্ট। এ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আড়াই মাস পর তারা ঘরে ফিরে যাওয়ার সুযোগ পেল বলে তিনি মনে করেন।
বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে এলে নির্বাচন বন্ধ করেও দেওয়া হতে পারে বলে অনেকের আশঙ্কা—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা কোনো কথা হলো নাকি?’