পাঁচ বছরের জন্য কর অবকাশ চায় কৃষি প্রক্রিয়াকরণ শিল্প
কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের আওতা আরও সম্প্রসারণের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে তাঁরা এ শিল্পের জন্য পুনরায় পাঁচ বছরের কর অবকাশ দাবি করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে ২০১০-১১ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনার প্রথম দিনে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রোপ্রোসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নেতারা গতকাল রোববার এসব দাবি উত্থাপন করেন। তাঁরা বলেন, বর্তমানে বাংলাদেশে উত্পাদিত ফল-ফলাদি যেমন—আম, লিচু, আনারস, পেয়ারা ইত্যাদি কাঁচামাল প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্যপণ্য উত্পাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানই কেবল কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প হিসেবে বিবেচিত। কিন্তু এর বাইরে স্বয়ংক্রিয় চালকল, স্ন্যাকস (চানাচুর, বিস্কুট, ডালভাজা, বাদামভাজা) প্রস্তুতকারী শিল্প, টমেটো পাল্প, পেস্ট, সস, কেচাপ, জুস, গুঁড়ো মসলা, তেঁতুল, জলপাই, লেবুর আচার, চাটনি ইত্যাদি প্রস্তুতকারী শিল্প কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প হওয়ার পরও কর অবকাশ সুবিধা পাচ্ছে না। এমনকি এ বিষয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশনা না থাকা এবং এনবিআরের অপ্রতুল ব্যাখ্যার সীমাবদ্ধতার কারণে এসব শিল্প কর অবকাশ সুবিধা থেকেও বঞ্চিত। কিন্তু এ শিল্পের বিকাশের জন্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের পরিধি আরও বাড়ানো দরকার। বাপার নেতারা আরও বলেন, কৃষি প্রক্রিয়াকরণ শিল্পকে ২০০৮ সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা দেওয়া হলেও চলতি অর্থবছরে সে সুযোগ রাখা হয়নি। অথচ সরকার কৃষিনির্ভর শিল্প খাতকে সম্ভাব্য ব্যাপক প্রবৃদ্ধির কথা বিবেচনা করে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতায় এই খাতের টিকে থাকা কঠিন হচ্ছে। এ অবস্থায় কৃষিনির্ভর শিল্প খাতের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে পুনরায় আগামী পাঁচ বছর কর অব্যাহতি সুবিধা দেওয়া উচিত। এর বাইরে বাপার নেতারা কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠানের উত্পাদিত পণ্যের বিক্রীত মূল্যের ওপর দুই শতাংশ হারে পণ্যের নমুনা বিনা মূল্যে বিতরণের অনুমতি, রপ্তানি আয়ের ওপর থেকে কর অব্যাহতি, মূলধনি যন্ত্রপাতির ওপর প্রযোজ্য চলতি তিন শতাংশ শুল্ক সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করেছে। এ ছাড়া তরল দুধ থেকে উত্পাদিত গুঁড়ো দুধের ট্যারিফ মূল্য প্রতি কেজি ১০০ টাকা কমিয়ে ৫৩ টাকা নির্ধারণ করা, কৃষিজাত পণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর মওকুফ করারও দাবি জানানো হয়েছে। সভায় বাপার সচিব তৈয়বুর রহমান, উপদেষ্টা মোসলেম আলী, স্কয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা খুরশিদ আহমেদ ফরহাদ, মেইজ অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান খান বক্তব্য দেন। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বাপার নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, ‘আগামী বাজেটে এসব প্রস্তাবনার প্রতিফলন কীভাবে ঘটানো যায়, সে ব্যাপারে এনবিআর পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। তবে সামগ্রিকভাবে রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়ে, এমন কিছু করা হবে না।’ বৈঠকে এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, আমিনুর রহমান, বশির উদ্দিন, সৈয়দ আমিনুর করিম, শম্ভুনাথ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।