পাঁচ বছরের জন্য কর অবকাশ-সুবিধা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আবার পাঁচ বছরের জন্য কর অবকাশ-সুবিধা দাবি করেছে। ডিএসই কর্তৃপক্ষ গতকাল রোববার বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।
আবার পাঁচ বছরের জন্য কর অবকাশ-সুবিধার দাবি পুনর্ব্যক্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল রোববার বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
ডিএসই কর্তৃপক্ষ বলছে, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা (ডিমিউচুয়ালাইজেশন) আলাদা হওয়ার পর যে সংস্কার ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া চলছে, তা ধরে রাখতে হলে পাঁচ বছরের জন্য কর অবকাশ-সুবিধাটি দরকার।
আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ডিএসইর কর অবকাশ-সুবিধার বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ডিএসইর জন্য কর অবকাশ-সুবিধা ঘোষণা করা হয়েছিল। তাতে পাঁচ বছরের জন্য ক্রমহ্রাসমান হারের ভিত্তিতে ডিএসইকে কর অবকাশ-সুবিধা দেওয়া হয়।
সে অনুযায়ী, প্রথম বছর প্রতিষ্ঠানটি (ডিএসই) শতভাগ কর অবকাশ-সুবিধা ভোগ করলেও দ্বিতীয় বছরে ৮০ শতাংশ, তৃতীয় বছরে ৬০ শতাংশ, চতুর্থ বছরে ৪০ শতাংশ হারে কর অবকাশ-সুবিধা পাওয়া কথা। সেই হিসাবে আগামী অর্থবছর থেকেই ডিএসইর করের আওতায় (২০%) আসার কথা রয়েছে।
কিন্তু ডিএসই কর্তৃপক্ষ বলছে, এ মুহূর্তে করের আওতায় এলে তাদের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই শতভাগ কর অবকাশ-সুবিধাটি পুরো পাঁচ বছর ধরেই অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আগামী অর্থবছর থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়কেও ক্রম হ্রাসমান হারে করের আওতায় আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংবাদ সম্মেলনে বাজেটবিষয়ক প্রতিক্রিয়া তুলে ধরেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। বক্তব্য দেন ডিএসইর সভাপতি সিদ্দিকুর রহমান মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক শাকিল রিজভী, খাজা গোলাম রসুল ও শরীফ আনোয়ার হোসেন।
আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য যেসব কর প্রণোদনা ঘোষণা করা হয়েছে সেগুলোকে স্বাগত জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। তারা বলছে, এসব প্রণোদনা শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় এক প্রশ্নের জবাবে স্বপন কুমার বালা বলেন, অতীতের মতো শেয়ারবাজারে বুদবুদ (বাবল) তৈরি হওয়ার সুযোগ কম। বাজারে কেউ কারসাজি ঘটাতে চাইলে প্রযুক্তির কল্যাণে তাকে শনাক্ত করে থামিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এদিকে পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা আর্থিক প্রতিবেদন আইন পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় ডিএসই। সংস্থাটি বলছে, এ আইন পাস হলে পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা অনেক বাড়বে; যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।
এ ছাড়া বাজেটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন ফান্ড গঠনের যে ঘোষণা অর্থমন্ত্রী দিয়েছেন, তাতে পুঁজিবাজারে বিনিয়োগ চাহিদা বাড়বে বলেও মনে করে ডিএসই।
ডিএসইর সভাপতি বলেন, বাজেটে যেসব ঘোষণা দেওয়া হয়েছে তাতে নতুন কোম্পানি শেয়ারবাজারে আসার ব্যাপারে আগ্রহী হবে।
আগামী অর্থবছরে নতুন কোম্পানিকে তালিকাভুক্ত হওয়ার ব্যাপারে উৎসাহিত করতে ১০ শতাংশ কর রেয়াতের ঘোষণা দেওয়া হয়েছে।
তালিকাভুক্ত কোনো কোম্পানি ৩০ শতাংশের বেশি লভ্যাংশ দিলে সেটিকে ১০ শতাংশ হারে যে কর রেয়াত-সুবিধা দেওয়া হতো, তা পুঁজিবাজারের স্বার্থে বহাল রাখার দাবি জানিয়েছে ডিএসই।