মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন) পরবর্তী পাঁচ বছর পর্যন্ত কর অব্যাহতি সুবিধা চেয়েছে দুই স্টক এক্সচেঞ্জ। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন বৈঠকে দুই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন। সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন।
আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সামনে রেখে গতকাল সকালে এনবিআরের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই স্টক এক্সচেঞ্জের নেতা ও কর্মকর্তারা ছাড়া এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ন্যূনতম পাঁচ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা চাওয়া হয়। এ সময় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বলা হয়, ডিমিউচুয়ালাইজেশনের কারণে দুই প্রতিষ্ঠানই লাভজনক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এত দিন অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল স্টক এক্সচেঞ্জদ্বয়।
দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিমিউচুয়ালাইজেশনের আগে কর অব্যাহতি বজায় রাখার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল। এনবিআরের সঙ্গে বৈঠকে তা উল্লেখ করা হয়। জানা গেছে, এ নিয়ে এর আগে এনবিআরের সঙ্গে স্টক এক্সচেঞ্জ কর্মকর্তাদের বৈঠকও হয়েছিল।
এ ছাড়া লেনদেনের ওপর আরোপিত কর হার কমানোরও প্রস্তাব করেছে দুই স্টক এক্সচেঞ্জ। প্রতিষ্ঠান দুটি এই কর হার দশমিক ০৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ০১৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করে।
ডিএসইর পক্ষ থেকে করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। বর্তমানে ১০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত রয়েছে।
এ ছাড়া প্রাতিষ্ঠানিক কর হার কমানোরও প্রস্তাব করেছে ডিএসই। সেই সঙ্গে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তালিকাভুক্ত নয়, এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর হারের মধ্যে কিছুটা ব্যবধান রাখারও প্রস্তাব করা হয়েছে।
ডিএসইর মতে, তালিকাভুক্ত কোম্পানির কর হার কম হলে তালিকাভুক্ত নয়, এমন প্রতিষ্ঠানগুলোও শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে।
তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৩২ শতাংশ এবং তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৩৭ শতাংশ কর হার নির্ধারণের প্রস্তাব করেছে ডিএসই।
এর বাইরে আগামী বাজেটে শেয়ারবাজারের জন্য আলাদা করে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে ডিএসই। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বৈত কর ব্যবস্থা প্রত্যাহারেরও প্রস্তাব করা হয়।