কর ও শুল্কনীতি কমপক্ষে পাঁচ বছর বহাল রাখার দাবি করেছেন দেশের রপ্তানিকারকেরা। তাঁদের বক্তব্য, ঘন ঘন নীতি পরিবর্তন হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। ব্যবসায়ীরা আস্থার সংকটে ভোগেন।
রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০১৭-১৮ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় গতকাল বৃহস্পতিবার এ দাবি করেছেন রপ্তানিকারকেরা। সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।
সভায় অধিকাংশ রপ্তানিকারক পণ্য রপ্তানির বিপরীতে উৎসে কর কমানোর দাবি করেন। তবে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা বলেছেন, তাঁরা পোশাক রপ্তানির বিপরীতে উৎসে কর দিতে চান না। তাই উৎসে কর তুলে দেওয়ার দাবি করেন তাঁরা। অবশ্য দুই সংগঠনই তাদের লিখিত প্রস্তাবে উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশ থেকে শূন্য দশমিক ৫০ শতাংশ করার কথা বলেছে। একই সঙ্গে এটি পাঁচ বছর কার্যকর রাখা ও কর দায় চূড়ান্ত নিষ্পত্তি করার দাবি করেছে বিজিএমইএ।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পোশাক রপ্তানিতে গত ১০ বছরে গড়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি ছিল। কিন্তু এখন সেটি ৩ শতাংশে এসে থেমে গেছে। রানা প্লাজা ধসের পর ১ হাজার ২০০ কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানে পোশাক খাত একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আগামী দুই বছর টিকে থাকতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারব। এই দুই বছরের জন্য আমরা নীতিসহায়তা চাইছি।’
বিজিএমইএর সভাপতি বলেন, ‘উৎসে কর বন্ধ করে দেওয়া উচিত। সেটি না হলে অন্তত দুই বছরের জন্য এটি বন্ধ করা উচিত।’ তিনি বলেন, সব ধরনের কর ও শুল্ক ব্যবস্থা পাঁচ বছরের জন্য করা প্রয়োজন।
আগামী বাজেটে রপ্তানি খাতকে মূল্য সংযোজন করের (মূসক) আওতামুক্ত রাখার পাশাপাশি পোশাকশিল্পের প্রাতিষ্ঠানিক কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবি করেন সিদ্দিকুর রহমান।
বিকেএমইএর সহসভাপতি এ এইচ আসলাম সানি বলেন, ‘পৃথিবীর কোনো উৎপাদনশীল রাষ্ট্রে উৎসে কর নেই। এখানেও তুলে দেওয়া দরকার। তিনি আরও বলেন, বিমান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হাজার হাজার টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে। আমরা ভর্তুকি চাই না, নীতি-সহায়তা চাই।’
এনবিআরের চেয়ারম্যানকে উদ্দেশ করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘উৎসে কর নিয়ে আমরা ব্যবসায়ীরা প্রতিবছর আতঙ্কে থাকি। তবে পাঁচ বছরের জন্য একটি পরিকল্পনা করে দিলে আমরা আতঙ্কমুক্ত হতে পারি।’
পোশাকসহ অন্য খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ পণ্য প্রস্তুতকারক কারখানার মালিকদের সংগঠন বিজিএপিএমইএর সভাপতি আব্দুল কাদের খান উৎসে কর শূন্য দশমিক ৫০ শতাংশ করা ও প্রাতিষ্ঠানিক কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার দাবি জানান।
তৈরি পোশাকের পর বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে চামড়া ও চামড়াজাত পণ্যে। লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) নির্বাহী পরিচালক কাজী রওশন আরা বলেন, পণ্য রপ্তানিতে বিজিএমইএ ও বিকেএমইএ যেসব সুবিধা দেওয়া হবে, তা যেন চামড়া খাতও পায়।
হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সহসভাপতি কাজী বেলায়েত হোসেন হিমায়িত চিংড়ি রপ্তানিতে উৎসে কর শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে দেওয়ার দাবি জানান।
এ ছাড়া বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ কৃত্রিম তন্তু ও বাসবার ট্রাঙ্কিং সিস্টেমের যন্ত্রপাতি বিনা শুল্কে আমদানির সুযোগ চায়। টেরিটাওয়েল রপ্তানিতে দুই বছরের জন্য নীতিসহায়তা চায় টেরিটাওয়েল ও লিনেন প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিটিটিএলএমইএ)।
আলু রপ্তানিকারক সমিতি আলু রপ্তানিতে নগদ সহায়তা ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশ করার দাবি জানিয়েছে। সোনালি আঁশের সুদিন ফেরাতে পাটকল সমিতি ১০ বছরের জন্য পাটশিল্পকে মূসক ও শুল্কমুক্ত করার দাবি করেছে। সিল্ক উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস চায় সিল্ক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি।