পাঁচ ব্যাংকের বিনিয়োগ এসইসির নজরদারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের ঘোষণা দেওয়া ব্যাংকগুলোর বিনিয়োগকে নজরদারিতে এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ জন্য কমিশন ইতিমধ্যে চারটি ব্যাংকের কাছে বিনিয়োগসংক্রান্ত তথ্য জানতে চেয়ে চিঠিও পাঠিয়েছে। আরেকটি ব্যাংককে চিঠি পাঠানো হবে।একই সঙ্গে কমিশন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশও দিয়েছে। গত ২৩ জুলাই কমিশন আলাদা চিঠির মাধ্যমে বিনিয়োগের ঘোষণা দেওয়া চারটি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগের ক্ষেত্রে এসইসি কারও ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করেনি। প্রচলিত ব্যবস্থাতেই যে কেউ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে। তবে যেসব প্রতিষ্ঠান পত্রিকায় বিজ্ঞাপন ও বিজ্ঞপ্তি দিয়ে বিনিয়োগের ঘোষণা দিয়েছে, তাদের সেই ঘোষণার যথাযথ বাস্তবায়নের জন্য এসইসি উদ্যোগ নিয়েছে।’ এসইসি সূত্র জানিয়েছে, বিনিয়োগের তথ্য চেয়ে এনসিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক এবং পূবালী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি দেওয়া হয়ে। চিঠিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত বিনিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি এসইসির দৃষ্টিগোচর হয়েছে। কোনো সিকিউরিটিজ হাউসের মাধ্যমে ঘোষিত বিনিয়োগ সম্পাদন করা হবে, এসব অর্থ সিকিউরিটিজ হাউসে জমা করা হয়েছে কি না এবং কত দিনের মধ্যে ঘোষিত বিনিয়োগ সম্পন্ন করা হবে, তা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনকে লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি ঘোষিত বিনিয়োগ সম্পন্ন করার সাত কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত পরিপূর্ণ তথ্য এসইসিকে জানাতে বলা হয়েছে কমিশনের ওই চিঠিতে।যে চারটি ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে সে চারটি ব্যাংক সম্মিলিতভাবে শেয়ারবাজারে ৯০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর বাইরে গত মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক এককভাবে শেয়ারবাজারে ৩০০ কোটি টাকা বিনিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। এসইসি জানিয়েছে, ন্যাশনাল ব্যাংকের কাছেও এ-সংক্রান্ত তথ্য চাওয়া হবে। এ ছাড়া গত মঙ্গলবার পুঁজিবাজারে বিদ্যমান শেয়ার ক্রয় বা বিনিয়োগসংক্রান্ত ঘোষণা বা বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে এসইসি। ইতিমধ্যে যেসব ব্যাংক এ ধরনের ঘোষণা দিয়েছে তাদের সেই ঘোষণার যথাযথ বাস্তবায়নে এসইসি পুরো বিষয়টিকে প্রয়োজনীয় তদারকি বা নজরদারির আওতায় এনেছে বলে সংস্থাটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।