পাঁচ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মূলধন বৃদ্ধির অনুমোদন পেল
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের সহযোগী পাঁচটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে ১ হাজার ৮৬ কোটি টাকার মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিশেষ সুবিধার আওতায় মূলধন বৃদ্ধির এই উদ্যোগ নেওয়া হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বুধবার এক সভায় এ অনুমোদন দেয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকের সহযোগী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হওয়ায় মূলধন বাড়াতে বিএসইসির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা ছিল।
বিএসইসি জানিয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সিকিউরিটিজ, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, এবি ইনভেস্টমেন্ট ও এনবিএল সিকিউরিটিজকে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। সে অনুযায়ী এমটিবি সিকিউরিটিজ সাড়ে ১২ কোটি নতুন শেয়ার ইস্যু করে ১২৫ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল ৩০ কোটি শেয়ারের বিপরীতে ৩০০ কোটি টাকা, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ৬ কোটি শেয়ারের বিপরীতে ৬০ কোটি, এবি ইনভেস্টমেন্ট প্রায় ৩০ কোটি ১১ লাখ শেয়ারের বিপরীতে ৩০১ কোটি এবং এনবিএল সিকিউরিটিজ ৩০ কোটি শেয়ারের বিপরীতে ৩০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। কোম্পানিগুলোর বর্তমান শেয়ারধারীদের নামে নতুন শেয়ার ইস্যু করা হবে। প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে ইস্যু করবে প্রতিষ্ঠানগুলো।
এদিকে বিএসইসির গতকালের সভায় বে-মেয়াদি দুটি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাসও অনুমোদন করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো আইসিএল ব্যালেন্সড ও এটিসি শরিয়া ইউনিট ফান্ড। দুটি ফান্ডেরই প্রাথমিক আকার ১০ কোটি টাকা করে।