পাঁচ মাসে আমদানি-ব্যয় এক হাজার কোটি ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে পণ্য আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৩৬ শতাংশ বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায় যে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে পণ্য আমদানি বাবদ ব্যয় হয়েছে এক হাজার ২২৫ কোটি ৩৫ লাখ ডলার। আর তার আগের অর্থবছর (২০০৯-১০) একই সময়ে আমদানি-ব্যয়ের পরিমাণ ছিল ৮৯৭ কোটি ৭১ লাখ ডলার।অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পণ্য আমদানি বাবদ ব্যয় এক হাজার কোটি ডলার অতিক্রম করে গেছে।আলোচ্য পাঁচ মাসের মধ্যে নভেম্বর মাসে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছে প্রায় ২৭০ কোটি ডলার। আর ২০০৯ সালের নভেম্বর মাসে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছিল ১৮২ কোটি ডলার। তার মানে মাসওয়ারী বিবেচনায় ২০১০ সালের নভেম্বর মাসে আমদানি-ব্যয় বেড়েছে ৪৮ দশমিক ২৯ শতাংশ।এর আগের মাসে অর্থাৎ ২০১০ সালের অক্টোবর মাসে পণ্য আমদানির জন্য ব্যয় হয়েছে প্রায় ২৫২ কোটি ৫৮ লাখ ডলার। আর ২০০৯ সালের অক্টোবরে এই আমদানি-ব্যয়ের পরিমাণ ছিল ২০৩ কোটি ২০ লাখ ডলার।পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাই মাসে পণ্য আমদানি বাবদ ব্যয় হয়েছে ২১৬ কোটি ৮২ লাখ ডলার। এটি তার আগের বছরের একই মাসের তুলনায় প্রায় সাড়ে ২৫ শতাংশ বেশি। ২০০৯ সালের জুলাই মাসে আমদানি-ব্যয় ছিল ১৭২ কোটি ৬৪ লাখ ডলার।আমদানি-ব্যয়ের এই হিসাবটি অবশ্য সিঅ্যান্ডএফভিত্তিক। আর লেনদেনের ভারসাম্য সারণিতে আমদানি-ব্যয়র হিসাব করা হয় এফওবি ভিত্তিতে। ফলে সেই অঙ্কটি সামান্য কম হয়ে থাকে।সেই হিসাবে অর্থাৎ লেনদেনের ভারসাম্য সারণির হিসাবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আমদানি-ব্যয় হয়েছে এক হাজার ১০৫ কোটি ১০ লাখ ডলার।আবার সিঅ্যান্ডএফভিত্তিক হিসাবে আমদানির প্রকৃত ব্যয় আমদানি ঋণপত্র খোলার পরিমাণের চেয়ে কম হয়ে থাকে।চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আমদানি ঋণপত্র খোলার পরিমাণ ছিল এক হাজার ৬০১ কোটি ২৬ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ৪৩ শতাংশ বেশি।২০০৯-১০ অর্থবছরের একই সময়ে পণ্য আমদানির ঋণপত্র খোলার পরিমাণ ছিল এক হাজার ১১৬ কোটি ডলার।অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার সমন্বিত প্রভাবে আমদানি-ব্যয় বাড়ছে।রপ্তানি-আয়ের তুলনায় আমদানি-ব্যয় বেশি হওয়ায় বরাবরই বাংলাদেশের পণ্যবাণিজ্যে ঘাটতি দেখা দেয়। আলোচ্য সময়েও এর কোনো ব্যতিক্রম হয়নি।আর জুলাই-নভেম্বর সময়কালের জন্য প্রস্তুতকৃত লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে, পণ্যবাণিজ্যে এই সময়কালে ঘাটতি দাঁড়িয়েছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার।