পাঁচ মাসে কৃষিজাত পণ্যের রপ্তানি-আয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই-নভেম্বর সময়কালে দেশের কৃষিজাত পণ্যের রপ্তানি-আয় এই সময়কালের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। আলোচ্য সময়ে কৃষিজাত পণ্য থেকে ২০ কোটি ২৩ লাখ ডলার রপ্তানি-আয় হয়েছে; যা ১৬ কোটি ৯৫ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৩৬ শতাংশ বেশি। একই সঙ্গে তা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৩১ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এসব তথ্য জানা যায়। ইপিবির তথ্যমতে, কৃষিজাত পণ্যের মধ্যে চা, শাক-সবজি, তামাক, কাট ফ্লাওয়ার, ফল, মসলা, শুকনো খাবার ইত্যাদি অন্তর্ভুক্ত। এর মধ্যে আলোচ্য সময়ে সবচেয়ে বেশি শাক-সবজি থেকে চার কোটি ২১ লাখ ডলার রপ্তানি-আয় হয়; যা তিন কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৩৯ দশমিক ৮৩ শতাংশ বেশি। একই সঙ্গে তা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৬ শতাংশ বেশি। এ ছাড়া গত পাঁচ মাসে তামাক থেকে তিন কোটি ৫৬ লাখ ডলার রপ্তানি-আয় হয়েছে; যা তিন কোটি ১০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ দশমিক ৬৯ শতাংশ বেশি। অবশ্য এই আয় গত অর্থবছরের একই সময়ের পাঁচ কোটি ১৫ লাখ ডলারের চেয়ে ৩০ দশমিক ৯৭ শতাংশ কম। শাক-সবজি ও তামাক ছাড়া কাট ফ্লাওয়ারে দুই কোটি ২৮ লাখ, ফলমূলে দুই কোটি, শুকনো খাবারে এক কোটি ৩৮ লাখ, মসলায় ৯৯ লাখ, চায়ে ১০ লাখ ও অন্যান্য পণ্যে পাঁচ কোটি ৬৭ লাখ ডলার রপ্তানি-আয় হয়। এর মধ্যে পৃথকভাবে ফলমূল ও চায়ের রপ্তানি-আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ইপিবির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস থেকেই কৃষিজাত পণ্যের রপ্তানি-আয় ইতিবাচক ধারায় আছে। লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি উভয়ই বাড়ছে। জুলাইয়ে খাতটির রপ্তানি-আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭ দশমিক ৬০, আগস্টে ১৮ দশমিক ৬৬, সেপ্টেম্বরে ২৬ দশমিক ৬০ এবং অক্টোবরে ২২ দশমিক ৬৪ শতাংশ বেশি হয়। অন্যদিকে কৃষিজাত পণ্য রপ্তানি-আয় প্রতিবছরই বাড়ছে। গত অর্থবছর কৃষিজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪০ কোটি ২৭ লাখ ডলার আয় করে। যা তার আগের অর্থবছরের চেয়ে ২০ দশমিক ৫৯ শতাংশ বেশি। ২০১০-১১ অর্থবছর খাতটি থেকে ৩৩ কোটি ৩৯ লাখ ডলার রপ্তানি আয় হয়; যা তার আগের অর্থবছরের চেয়ে ৩৭ দশমিক ৭৯ শতাংশ বেশি। চলতি অর্থবছর এই খাতের রপ্তানি-আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ কোটি ৫৬ লাখ ডলার।