পাঁচ মাসে বিদেশি সহায়তা এসেছে ৯৯ কোটি ডলার
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বিদেশি সহায়তা ছাড় হয়েছে মোট ৯৮ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে ঋণ ৭৪ কোটি ১০ লাখ ডলার আর অনুদান ২৪ কোটি ৬০ লাখ ডলার।
আলোচ্য সময়ে দাতারা ১৪৩ কোটি ৭০ লাখ ডলার ছাড় করার প্রতিশ্রতি দিয়েছিল। এর মধ্যে ১২৬ কোটি ৩০ লাখ ডলার ঋণ আর অনুদান ১৭ কোটি ৪০ লাখ ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইআরডি সূত্রে আরও জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে তুলনা করলে অর্থ ছাড়ে খুব বেশি ব্যবধান নেই। গত বছরের নভেম্বর পর্যন্ত অর্থ ছাড়ের পরিমাণ ছিল ৯৬ কোটি ৯০ লাখ ডলার। এর মধ্যে ঋণ ছিল ৭৪ কোটি ৪০ লাখ ডলার, অনুদান ২২ কোটি ৪০ লাখ ডলার।
এদিকে নভেম্বর পর্যন্ত সুদ-আসল বাবদ ৪০ কোটি ৩০ লাখ ডলার অর্থ ফেরত দিয়েছে সরকার। এর মধ্যে আসল ৩২ কোটি ৯০ লাখ এবং সুদ সাত কোটি ৪০ লাখ ডলার। প্রসঙ্গত, সুদ-আসলের অর্থ পরিশোধের জন্য সরকার বাজেটে আলাদা বরাদ্দ রাখে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের দাতা সংস্থাগুলোর কাছ থেকে মোট ৬০০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে।