পাঁচ মাসে ব্যয় ১৫৫ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৫৩টি প্রকল্পে চলতি ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৯৫ কোটি ৩২ লাখ টাকা।
মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গত নভেম্বর পর্যন্ত ছাড় করা হয়েছে ৩০০ কোটি ৪১ লাখ টাকা। তবে ব্যয় হয়েছে মাত্র ১৫৫ কোটি ১৮ লাখ টাকা, যা বরাদ্দের মাত্র সাড়ে ১৯ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তরের ২৯ প্রকল্পে বরাদ্দ ছিল ৪৩৭ কোটি ১১ লাখ টাকা। নভেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ৮২ কোটি ৪৩ লাখ টাকা, যা মোট বরাদ্দের মাত্র ১৮ দশমিক ৮৬ ভাগ।
গত অর্থবছরের নভেম্বর পর্যন্ত এ ক্ষেত্রে ব্যয় হয়েছিল ৯৩ কোটি ৮২ লাখ টাকা। গতকাল মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে মৎস্য খাত-সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়। সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্যে দেখা গেছে, জুলাই–নভেম্বর পাঁচ মাসে ১৩টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের প্রকল্পের অনুকূলে বরাদ্দের ১০ শতাংশও খরচ করতে পারেনি।