পাঁচ মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৬.৩ শতাংশ
চলতি অর্থবছরের (২০১৬-১৭) প্রথম পাঁচ মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। এ সময়ে মোট রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৩৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গেল অর্থবছরের (২০১৫-১৬) একই সময়ে যা ছিল ১ হাজার ২৮৭ কোটি ডলার।
তবে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। প্রথম পাঁচ মাসে রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে ১ হাজার ৪২৮ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ১৭ শতাংশ কম রপ্তানি আয় এসেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্প্রতি প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
গেল নভেম্বর মাসে ২৮৯ কোটি ৯৩ লাখ ডলারের রপ্তানি আয় হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ। গত বছরের নভেম্বরে রপ্তানি আয় হয় ২৭৪ কোটি ৯৩ লাখ ডলার।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছে এক হাজার ১১৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল এক হাজার ৪৬ কোটি ডলার। অবশ্য আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে পোশাক রপ্তানি ৫ দশমিক ১১ শতাংশ কম হয়েছে।
রপ্তানি আয়ের দ্বিতীয় সর্বোচ্চ খাত বর্তমানে চামড়া ও চামড়াজাত পণ্য। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে খাতটি থেকে ৫৩ কোটি ৩৯ লাখ ডলারের রপ্তানি আয় অর্জিত হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের ৪৫ কোটি ৭৮ লাখ ডলারের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি। আর তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের উৎস পাট ও পাটজাত পণ্যে ৩৮ কোটি ৭২ লাখ ডলার রপ্তানি আয় এসেছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৫ কোটি ৮৬ লাখ ডলারের চেয়ে ৭ দশমিক ৯৮ শতাংশ বেশি।
এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কৃষিজাত পণ্যে ২২ কোটি, প্লাস্টিক পণ্যে ৫ কোটি ৬৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার। গত অর্থবছরে (২০১৫-১৬) দেশে মোট রপ্তানি আয় হয় ৩ হাজার ৪২৫ কোটি ডলার।