পাঁচ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায়ে ১৬ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আলোচ্য সময়ে ৩১ হাজার ৬০৫ কোটি টাকা আদায় করতে সমর্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ২৭ হাজার ৩৫ কোটি টাকা।এনবিআর আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানানো হয়। এতে রাজস্ব পরিস্থিতি ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। এ সময় সংস্থার সদস্য বশিরউদ্দিন আহমেদ, ফরিদউদ্দিন, জাহানারা সিদ্দিকী, সৈয়দ আমিনুল করিম, এম এ কাদের সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই-নভেম্বর সময়কালে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বিভিন্ন কার্যক্রম নেওয়ার ফলে এবারও পুরো অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে।নাসিরউদ্দিন আহমেদ বলেন, আগামী সাত মাসে লক্ষ্যমাত্রার ৬৫ শতাংশ রাজস্ব আদায় করতে হবে। আর আগামী মাসগুলোতে ১৫ দশমিক ৫০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হলেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে এনবিআর।আদায় পরিস্থিতি: জুলাই-নভেম্বর সময়ে আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ১১ হাজার ৭৩৩ কোটি টাকা। এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৪২৬ কোটি টাকা। আলোচ্য সময়ে ১২ হাজার ২৬২ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে স্থানীয় পর্যায়ে মূসক আদায় হয়েছে ১১ হাজার ৮৭৭ কোটি টাকা। আবার আয়কর খাতে সাত হাজার ৮০৪ কোটি টাকা আদায় হয়েছে। এই খাতে লক্ষ্যমাত্রা ছিল সাত হাজার ২৪৫ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায়ের সব খাতের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।উল্লেখ্য, প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১ হাজার ২১৩ কোটি ৪০ লাখ টাকা। পুরো অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা রয়েছে ৯১ হাজার ৮৭০ কোটি টাকা।ভবিষ্যৎ কার্যক্রম: আগামী দু-তিন মাসের মধ্যে কর কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আনতে একটি স্বতন্ত্র ইউনিট গঠন করা হবে। ইতিমধ্যে এই রূপরেখা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এ সম্পর্কে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আমরা শুধু করদাতাদের যথাযথভাবে কর প্রদানের (কমপ্লায়েন্স) কথা বলব আর কর কর্মকর্তাদের জবাবদিহিতায় আনার কথা বলব না, তা হয় না। কর কর্মকর্তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’এ ছাড়া আগামী ফেব্রুয়ারি মাসে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি চালু করতে যাচ্ছে এনবিআর। ইতিমধ্যে এই এডিআর গঠনপ্রণালি ও কার্যপরিধি চূড়ান্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে রাজস্ব-সংক্রান্ত ২৫ হাজার মামলা রয়েছে। এসব মামলার বিপরীতে ২০ হাজার কোটি টাকা আটকে রয়েছে।আর জুন মাসে জাতীয় সংসদে পাসের জন্য মূসক আইন উত্থাপন করা হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে তা মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে। এর আগে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এ ছাড়া নতুন প্রত্যক্ষ কর আইনের চূড়ান্ত খসড়ায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।মার্চ মাসে ই-পেমেন্ট সিস্টেম বা স্বয়ংক্রিয় পদ্ধতি রাজস্ব পরিশোধব্যবস্থা চালুর কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।