পাঁচ মাসে সঞ্চয়পত্রের বিক্রি প্রায় ১০ গুণ

চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) গত অর্থবছরের একই সময়ের চেয়ে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি প্রায় ১০ গুণ বেড়েছে। আর পুরো অর্থবছরের চেয়ে বেড়েছে পাঁচ গুণ।
জাতীয় সঞ্চয় পরিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায় যে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৩৭০ কোটি টাকা। আর শুধু নভেম্বর মাসে ৬৭০ কোটি ৫৩ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।
প্রকৃত বিক্রি বলতে নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বিপরীতে একই সময়ে আগে বিক্রীত সঞ্চয়পত্র নগদায়ন করার পর যা থাকে, সেটাকেই বোঝায়। নগদায়নের ক্ষেত্রে গ্রাহক সুদসহ আসল পরিশোধ করা হয়।
পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে ২০১২-১৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বিক্রির পরিমাণ ছিল ৩৮৫ কোটি টাকা। আর পুরো অর্থবছরে ছিল ৭৭২ কোটি ৮৪ লাখ টাকা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই-নভেম্বর সময়ে যেসব সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তার ৮০ শতাংশই পরিবার সঞ্চয়পত্র। ১৫ শতাংশ পেনশনার সঞ্চয়পত্র। বাকি ৫ শতাংশ অন্যান্য সঞ্চয়পত্র।
বর্তমানে পরিবার সঞ্চয়পত্রের সুদের হারই সবচেয়ে বেশি, ১৩ শতাংশের মতো। নারীদের জন্য ‘বিশেষ’ সুবিধার অংশ হিসেবে সরকার এ সঞ্চয়পত্রটি চালু করে।
অর্থবছরের প্রথম পাঁচ মাসের মধ্যে জুলাই মাসে ৬২৪ কোটি ৯৪ লাখ টাকা, আগস্ট মাসে ৬৯১ কোটি ৮৩ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ৭৮০ কোটি ৭০ লাখ টাকা ও অক্টোবর মাসে ৬০১ কোটি ৪১ লাখ টাকার সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি হয়েছে।
বাজেট ঘাটতি মেটাতে গত অর্থবছর সরকার সঞ্চয়পত্র বিক্রি করে সাত হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। বিক্রি কম হওয়ায় পরে সেই লক্ষ্যমাত্রা এক হাজার ৯৭৩ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
তবে সে লক্ষ্যও পূরণ হয়নি। ২০১২-১৩ অর্থবছরে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রির পরিমাণ ছিল ৭৭২ কোটি ৮৪ লাখ টাকা।
চলতি ২০১৩-১৪ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে চার হাজার ৯৭১ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। পাঁচ মাসেই নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৩৭০ কোটি টাকা।
জাতীয় সঞ্চয় পরিদপ্তরের মাধ্যমে বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ছয় মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র বিক্রি হয়।