বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
পাঁচ মাসেও তৈরি করতে পারেনি নিরীক্ষিত হিসাব
অর্থবছর শেষ হওয়ার পর পাঁচ মাস অতিক্রান্ত হলেও রাষ্ট্র খাতের কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তাদের নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করতে পারেনি। আইন অনুসারে অর্থবছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে প্রকাশ করতে হয়।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০১৩) অনুসারে কোনো বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে সর্বোচ্চ দুই মাস সময় পাওয়া যায় প্রতিবেদন চূড়ান্ত করার জন্য।
আইনের ৪০ ধারায় বলা হয়েছে, ‘...হিসাব, ব্যালেন্সশিট ও প্রতিবেদন এবং পরিচালক-পর্ষদ কর্তৃক, বা ক্ষেত্রমতো, কোম্পানির সাধারণ সভায় শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত নিরীক্ষা প্রতিবেদন নির্ধারিত পদ্ধতিতে প্রকাশ করা হইবে এবং উক্ত হিসাব, ব্যালেন্সশিট ও প্রতিবেদন যে সময় সম্পর্কিত সেই সময় শেষ হইবার দুই মাসের মধ্যে উহাদের প্রতিটির তিনটি করিয়া প্রতিলিপি বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করিতে হইবে: তবে শর্ত থাকে যে, বাংলাদেশ ব্যাংক বিবরণী দাখিলের উক্ত সময়সীমা অনধিক দুই মাস পর্যন্ত বর্ধিত করিতে পারিবে৷’
কিন্তু ব্যাংক দুটি কেন্দ্রীয় ব্যাংকে আবেদনও করেনি। আবেদন তারা করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। এ বিভাগ থেকে তাদের গত নভেম্বর মাস পর্যন্ত সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু সে সময়ের মধ্যেও আর্থিক প্রতিবেদন তৈরি হয়নি।
এদিকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় বাংলাদেশ ব্যাংক ৭ ডিসেম্বর তিন দিনের সময় দিয়ে কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে কারণ দর্শাতে চিঠি দিয়েছে। সূত্র বলছে, সময় ৯ ডিসেম্বর শেষ হলেও এখনো তার কোনো জবাব দেয়নি ব্যাংক দুটি।
তবে যোগাযোগ করা হলে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ ইউসুফ প্রথম আলোকে জানান, তাঁরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন, ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, ‘বিলম্ব হয়েছে এটা ঠিক, তবে অনেক ব্যাংকের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে।’ তিনি আরও বলেন, নিরীক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা প্রতিবেদন দিলেই তা জমা দেওয়া হবে।
অন্যদিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি মনজুর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমডি হিসেবে তিনি ব্যাংকটিতে নতুন যোগদান করেছেন। তাই তাৎক্ষণিকভাবে বিষয়টি ব্যাখ্যা করতে পারছেন না।
ব্যাংক কোম্পানি আইন অনুসারে কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত ব্যাংক। যদিও বিশেষ আইন দিয়ে এ দুই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু এগুলো পরবর্তী সময়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা শুরু করে এবং ব্যাংক কোম্পানি আইন অনুসারে পরিচালিত হয়। ইতিমধ্যে অন্য ব্যাংকগুলো তাদের নিরীক্ষিত প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দিয়েছে।
তবে যোগাযোগ করা হলে গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রথম আলোকে বলেন, ব্যাংক দুটি বিশেষ আইনে তৈরি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি নয়। নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী তৈরি করতে দেরি হওয়ায় সময় চেয়ে তাই তারা সরকারের কাছেই আবেদন করেছে।
সচিব বলেন, ‘অনেকেই যথাসময়ে নিরীক্ষিত হিসাব বিবরণী তৈরি করতে পারে না। তাই সময় বাড়াতেই হয়। যেমন বাংলাদেশ ব্যাংক নিজের হিসাব বিবরণী তৈরি করেছে ৯ ডিসেম্বর।’ অর্থবছর শেষ হওয়ার পর কাজটি শেষ করতে এলেই পাঁচ থেকে ছয় মাস লেগে যায় বলে মত দেন সচিব।