পাঁচ মূল শর্তে একীভূত হবে রবি-এয়ারটেল

পাঁচটি মূল শর্তে মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেলের ব্যবসায়িক কার্যক্রম একীভূত (মার্জার) করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব শর্ত জানিয়ে দুই অপারেটরকে চিঠিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে আইনগতভাবে অপারেটর দুটির একীভূত হতে আর কোনো বাধা থাকল না।
বিটিআরসি সূত্রে জানা গেছে, একীভূত হওয়ার ক্ষেত্রে মোট ২০টি শর্ত থাকলেও পাঁচটি বিষয়কে মূল শর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। এগুলো হলো একীভূত কোম্পানি নগদে অথবা তিন কিস্তিতে দুই বছরে অর্থ পরিশোধ করার সুযোগ পাবে, আগামী তিন বছরে কোনো কর্মীকে চাকরিচ্যুত করা যাবে না, ৯০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে তরঙ্গ ফেরত দিতে হবে, একীভূত হওয়ার দুই মাসের মধ্যে কর্মীদের ভিআরএস বা ভিএসএস সুবিধা দিতে হবে এবং বকেয়া পরিশোধে এয়ারটেল নতুন এক লাখ শেয়ার বাড়াতে পারবে।
প্রায় এক বছরের আইনি প্রক্রিয়া শেষে রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে গত ৩১ আগস্ট চূড়ান্ত অনুমোদন দেন আদালত। একীভূত হওয়ার ফি হিসেবে রবি-এয়ারটেলকে মোট ৬০৭ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন আদালত। এর মধ্যে মার্জার ফি হিসেবে ১০০ কোটি টাকা আর এয়ারটেলের তরঙ্গ একীভূত করার ফি হিসেবে ধরা হয় ৫০৭ কোটি টাকা। তবে এই অর্থ কীভাবে আদায় হবে, সেই সিদ্ধান্ত বিটিআরসির ওপর ছেড়ে দেন আদালত।
৬০৭ কোটি টাকা আদায়ে একীভূত কোম্পানির জন্য দুটি উপায় ঠিক করেছে বিটিআরসি। একীভূত কোম্পানি যদি এককালীন ৬০৭ কোটি টাকা পরিশোধ করতে চায়, তাহলে এ-সংক্রান্ত বিটিআরসির চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে তা শোধ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের সুদ বা বিলম্ব ফি যোগ হবে না। আর কিস্তিতে অর্থ শোধ করতে হলে চিঠি পাওয়ার এক মাসের মধ্যে ৪৯ শতাংশ অর্থ শোধ করতে হবে। বাকি ৫১ শতাংশ অর্থ পরবর্তী দুই বছরে দুটি কিস্তিতে দিতে হবে। এর মধ্যে প্রথম বছরে ২৯ শতাংশ, আর দ্বিতীয় বছরে ২২ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।
একীভূত কোম্পানিতে আগামী তিন বছর পর্যন্ত কোনো কর্মীকে যথাযথ কারণ ছাড়া চাকরিচ্যুত করা যাবে না, এমন শর্তও দিয়েছে বিটিআরসি। এ সময়ের মধ্যে কাউকে চাকরিচ্যুত করা হলে তার কারণও নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে। আর যেসব কর্মী একীভূত কোম্পানিতে যোগ দিতে চান না, তাঁদের জন্য স্বেচ্ছা অবসর স্কিম (ভিআরএস) ও স্বেচ্ছা বিচ্ছেদ স্কিম (ভিএসএস) নিশ্চিত করতেও বলা হয়েছে। এই সুবিধা একীভূতকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার ৬০ দিনের মধ্যে কার্যকর করতে হবে।
ভিআরএস বা ভিএসএস দিতে হলে একজন কর্মী কী ধরনের সুবিধা পাবেন, সেটি ঠিক করার দায়িত্ব আদালত বিটিআরসির ওপর ছেড়ে দেন। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, একীভূত কোম্পানিতে যোগ দিতে অনিচ্ছুক কর্মীদের দুভাবে ভিআরএস বা ভিএসএস দেওয়া যেতে পারে। এ প্রসঙ্গে বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, ভিআরএস বা ভিএসএস দিতে হলে একজন কর্মীকে প্রতি এক বছরের সেবার জন্য চার মাসের মূল বেতনের (গ্রস স্যালারি) সমপরিমাণ অর্থ ও সুযোগ-সুবিধা দিতে হবে।
তরঙ্গ একীভূতকরণের শর্ত হিসেবে একীভূত কোম্পানিকে এয়ারটেলের ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ ফেরত দিতে বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে। ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৩৩ কোটি ৮০ লাখ টাকা হিসাবে এয়ারটেলের মোট ১৫ মেগাহার্টজ তরঙ্গের ফি ধরা হয়েছে ৫০৭ কোটি টাকা। তরঙ্গ খাতে খরচ কমানোর জন্য একীভূত কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বকেয়া পরিশোধে এয়ারটেলের শেয়ার এক লাখ বাড়ানোর আবেদনেও অনুমোদন দিয়েছে বিটিআরসি। এয়ারটেল সূত্রে জানা গেছে, এ শেয়ার বৃদ্ধি করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বকেয়া ২ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করা হবে।
জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, সব দিক বিবেচনা করে রবি-এয়ারটেলের একীভূতকরণে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বাড়বে, গ্রাহকেরাই এর সুফল পাবেন।