পাঁচ রপ্তানিকারককে পুরস্কৃত করল এইচএসবিসি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে এইচএসবিসি রপ্তানি পুরস্কারপ্রাপ্তরা
অতিথিদের সঙ্গে এইচএসবিসি রপ্তানি পুরস্কারপ্রাপ্তরা

পাঁচটি বিভাগে গুরুত্বপূর্ণ রপ্তানিকারক হিসেবে দেশের পাঁচ প্রতিষ্ঠানকে সেরা রপ্তানিকারকের পুরস্কার দিল হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি ব্যাংক)।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার সন্ধ্যায় এ পুরস্কার দেওয়া হয়। চতুর্থবারের মতো এমন পুরস্কার দিল এইচএসবিসি ব্যাংক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিল্ক ও করপোরেট ব্যাংকিং প্রধান মাহবুবুর রহমান।
তৈরি পোশাক ও বস্ত্র খাতকে ‘এ’ (বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি ডলার বা তার বেশি) এবং ‘বি’ (বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি ডলারের কম) দুটি বিভাগে ভাগ করে পুরস্কার দিয়েছে এইচএসবিসি ব্যাংক। ‘এ’ গ্রুপে পুরস্কার পেয়েছে ডিবিএল গ্রুপ আর ‘বি’ গ্রুপে এসএম গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ ২১টি দেশে এবং ২০০১ সালে প্রতিষ্ঠিত এসএম গ্রুপ ১৩টি দেশে পণ্য রপ্তানি করছে।
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে প্যাসিফিক জিনস গ্রুপ। ছয়টি দেশে এ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে।
সনাতন ও উদীয়মান শিল্প খাতের (তৈরি পোশাক ও বস্ত্র খাত ছাড়া) সেরা রপ্তানিকারকের পুরস্কার দেওয়া হয়েছে ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ বিভাগে পুরস্কার পাওয়ার শর্ত ছিল প্রতিষ্ঠানের বার্ষিক রপ্তানি হতে হবে ৩০ লাখ ডলার বা তার বেশি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে ওয়েব এপ্লিকেশন ও মোবাইল সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন-২৩। এ বিভাগে শর্ত ছিল বার্ষিক রপ্তানি হতে হবে ৩০ লাখ ডলারের কম।
ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুর রহিম, এসএম গ্রুপের এমডি সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, প্যাসিফিক জিনসের অন্যতম স্বত্বাধিকারী সৈয়দ তানভীর, ইউনিগ্লোরির পক্ষে মেঘনা গ্রুপের অন্যতম পরিচালক তানভীর তিতাস এবং ব্রেইন স্টেশন-২৩-এর প্রধান নির্বাহী রাইসুল কবির অতিথিদের হাত থেকে পুরস্কারের ট্রফি গ্রহণ করেন।
এইচএসবিসির এই সেরা রপ্তানিকারক স্বীকৃতি দেওয়ার কার্যক্রমে পরিকল্পনা ও আনুষঙ্গিক তথ্য দিয়ে সহায়তা করেছে প্রথম আলো ও ডেইলি স্টার। এ ছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান কেজিএমজি বিজয়ী যাচাইকরণ প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেছে। মনোনয়ন নেওয়া ও অন্যান্য বিষয়ে সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।