পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি কাল বৃহস্পতিবারও চলবে। আজ বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি চলে। বিকেলে শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ কথা বলেন।অ্যাটর্নি জেনারেল বলেন, কাল সকাল সাড়ে ১০টায় আবার শুনানি শুরু হবে। তিনি বলেন, ‘আজ বাদী পক্ষের আইনজীবীরা তাঁদের বক্তব্য পেশ করেছেন। তাঁদের মধ্যে একজন কাল আবার বক্তব্য রাখতে পারেন।’ তিনি আরও বলেন, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বক্তব্য রাখেন। মাহবুবে আলম বলেন, ‘আগামীকাল সরকারের পক্ষ থেকে আমি নিজে এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানিতে অংশ নেবেন।’ তিনি বলেন, ‘রিটটি শিগগিরই নিষ্পত্তির জন্য আমরা চেষ্টা করছি।’ এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ওই রিটের ব্যাপারে শুনানি শুরু হয়। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টা বিরতির পর আবারও শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে চারটায়। রিটকারীদের পক্ষে ড. কামাল হোসেন, রমজান আলী সিকদার, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, আকতার ইমাম শুনানিতে অংশ নেন। গতকাল মঙ্গলবার আদালত মুলতবি করে আজ বুধবার সকালে আবারও শুনানির দিন ধার্য করেন। গতকাল বেলা তিনটা ৪০ মিনিটে এসইসির ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচটি কোম্পানির ২৪ জন পরিচালকের দায়ের করা রিটের শুনানি শুরু হয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার ড. কামাল হোসেন রিটকারী পরিচালকদের পক্ষে বক্তব্য পেশ করেন।