পাঁচ লাখ পরিবার পাবে ছোট্ট খাদ্যগুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপ্রবণ এলাকায় পরিবার পর্যায়ে পাঁচ লাখ ছোট গুদাম সরবরাহ করবে সরকার। প্রতিটি গুদামের দাম পড়বে ২০ ডলার বা দেড় হাজার টাকা। সাইক্লোন ও বন্যার সময় সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলো তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শস্যদানা, চাল ইত্যাদি যেন সংরক্ষণ করতে পারে, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার খাদ্যগুদাম নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হয়। ছয়টি আধুনিক খাদ্যগুদাম নির্মাণে ২১ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। আধুনিক খাদ্য সংরক্ষণ সুবিধা শীর্ষক প্রকল্পের আওতায় ব্যক্তি-পরিবার পর্যায়ে ছোট গুদামও সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবার পর্যায়ে ছোট খাদ্যগুদামের ধারণক্ষমতা হবে ১০০ কেজি। এতে চাল, শস্যদানা, ময়দা, আটাসহ শুকনা খাবার রাখা যাবে।
এ ছাড়া বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া (আশুগঞ্জ), ময়মনসিংহ, খুলনা (মহেশ্বরপাশা), চট্টগ্রাম ও টাঙ্গাইলে (মধুপুর) পাঁচ লাখ ৩৫ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন আটটি খাদ্যগুদাম নির্মাণ করা হবে। এর মধ্যে ছয়টি চালের গুদাম। এসব গুদামে তিন বছর চাল ও গম সংরক্ষণ করা যাবে। দেশের বিদ্যমান খাদ্যগুদামগুলোতে সাত-আট মাস পণ্য সংরক্ষণ করা যায়।
ইআরডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক ক্রিস্টিন কাইমস। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।