পাঁচ লাখের বেশি করদাতা সেবা নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর মেলা থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়েছে। এবার সারা দেশের কর মেলা থেকে এক হাজার ১১৭ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার রাজস্ব আদায় হয়েছে, যা লক্ষ্য থেকে ১৭ কোটি টাকা বেশি। এবারের মেলায় আয়কর রিটার্ন বা বিবরণী জমা পড়েছে এক লাখ ৩২ হাজার ১৭টি। গতকাল রোববার কর মেলা শেষ হয়েছে।
অন্যদিকে করসেবা দেওয়ার লক্ষ্য অর্জিত হয়েছে। কর মেলা পাঁচ লাখ ১০ হাজার ১৪৫ জন বিভিন্ন ধরনের করসেবা নিয়েছেন। এবারের লক্ষ্য ছিল পাঁচ লাখ করদাতাকে সেবা দেওয়া হবে। সেবা গ্রহণকারীদের মধ্যে নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১২ হাজার ৩৩৭ জন করদাতা।
১৬ থেকে ২২ সেপ্টেম্বর রাজধানীসহ সব বিভাগীয় শহরে কর মেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সব জেলা শহরে ও পার্বত্য জেলায় কর মেলা হয়েছে। কর মেলায় প্রতিদিনই করদাতাদের ব্যাপক ভিড় ছিল।
চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা থেকে প্রায় ২৭৬ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এক লাখ ৭০ হাজার ৩২৮ জন করদাতাকে সেবা দেওয়া হয়েছে। নতুন নিবন্ধিত হয়েছেন দুই হাজার ৫৩৯ জন।