পাঁচ শতাধিক স্থানে মিলবে রবির ওয়াই-ফাই
ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে সারা দেশে আগামী ছয় মাসে পাঁচ শতাধিক জায়গায় ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা।
ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় অপারেটরটি। এতে জানানো হয়, একটি প্রকল্পের আওতায় আগামী ছয় মাসে প্রতিষ্ঠানটি ৫০০ রেস্তোরাঁ, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০ শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি বিমানবন্দর ও রেলস্টেশন এবং ৩৫০টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াই-ফাই সেবা দেবে। যেসব রবি গ্রাহক কমপক্ষে ১ গিগাবাইট মোবাইল ইন্টারনেট প্যাকেজ কিনবেন তাঁরাই বিনা মূল্যের এ ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তবে বাস, ট্যাক্সি ও ট্রেনে ওয়াই-ফাই ব্যবহার উপযোগী মুঠোফোন থাকলে যে কেউই বিনা মূল্যে রবির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ওয়াই-ফাই হটস্পট স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য অ্যাকসেসটেল, কিউবি ও আমরা টেকনোলজিস, আর বাস ও ট্রেনে ওয়াই-ফাই স্থাপনে কোলেস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে রবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে, চিফ করপোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ওয়াই-ফাই হটস্পট স্থাপনের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।