পাঁচ শ্রেষ্ঠ রপ্তানিকারককে পুরস্কার দিল এইচএসবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সেরা পাঁচ রপ্তানিকারক প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দিল বিশ্বের স্থানীয় ব্যাংক খ্যাত দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড।উৎপাদিত পণ্য রপ্তানির বিনিময়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদান রাখার জন্য দ্বিতীয়বারের মতো বছরের সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করল ব্যাংকটি। এ বছর ‘এইচএসবিসি এক্সপোর্ট একসিলেন্স অ্যাওয়ার্ড ২০১০’ নামের পুরস্কার বিভক্ত ছিল পাঁচটি শ্রেণীতে। এর মধ্যে তৈরি পোশাক শিল্প ও বস্ত্র: গ্রুপ ‘এ’ (বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি মার্কিন ডলার বা এর বেশি) শ্রেণীতে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে স্কয়ার টেক্সটাইলস। তৈরি পোশাক শিল্প ও বস্ত্র: গ্রুপ ‘বি’ (বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি ডলারের নিচে) শ্রেণীতে সেরার পুরস্কার পেয়েছে ইন্টারফ্যাব শার্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) অবস্থিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা রপ্তানিকারক হিসেবে পুরস্কার পেয়েছে প্যাসিফিক জিন্স লিমিটেড। সনাতন ও উদীয়মান শিল্প (বার্ষিক রপ্তানি আয় ৩০ লাখ মার্কিন ডলার) শ্রেণীতে পুরস্কার পেয়েছে অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার। আর ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) শ্রেণীতে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে গ্রাফিক পিপল লিমিটেডকে।রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার রাতে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ও বিপণনশাস্ত্রের গুরু ফিলিপ কটলার। স্বাগত বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহবুব-উর-রহমান।পুরস্কার বিতরণ পর্ব শুরু হওয়ার আগে ফিলিপ কটলার বিপণনশাস্ত্রের বিভিন্ন তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য বিপণন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিপণন ছাড়া বাণিজ্য সম্প্রসারণ সম্ভব নয়। তবে এ ক্ষেত্রে নৈতিকতা ও মূল্যবোধ বজায় রাখা জরুরি। বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি বাড়ানোর কৌশল সম্পর্কে ফিলিপ কটলার বলেন, বিশ্বের সব মানুষ একটি দেশকে ইতিবাচকভাবে চিনবে এমন ধারণা ঠিক নয়। সব মানুষকে চেনানো দরকারও নেই। দেশের উন্নয়নের জন্য বিদেশে কোন শ্রেণীর কাছে দেশকে তুলে ধরতে চা,ন সেটি জরুরি। অর্থাৎ, বড় আমদানিকারক না মধ্যবিত্ত পর্যটক—কে আপনার জন্য বেশি গুরুত্ব, সেভাবে লক্ষ্য নির্ধারণ করেই এগোতে হবে।অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। স্কয়ার টেক্সটাইলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এরপর একে একে পুরস্কার নেন ইন্টারফ্যাবের ব্যবস্থাপনা পরিচালক আহসান কবির খান, প্যাসিফিক জিনসের নির্বাহী পরিচালক সৈয়দ মোহাম্মদ তারভীর, অ্যাপেক্স অ্যাডেলকির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর এবং গ্রাফিক পিপলের স্বত্বাধিকারী গীতিআরা সাফিয়া চৌধুরী।পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ তানভীর বলেন, ‘এ পুরস্কার আমাদের অনুপ্রাণিত করবে।’পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সঞ্জয় প্রকাশ বলেন, ‘আমি বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাই। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত।’মাহবুব-উর-রহমান বলেন, ‘রপ্তানিকারকদের জন্য বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিতে এইচএসবিসি সব সময় প্রস্তুত। বিশ্বজোড়া নেতৃত্ব, আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বিশ্বমানের সেবাসম্ভারের মাধ্যমে রপ্তানিক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ১০০টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সেরা এ পাঁচ প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। সাত সদস্যের বিচারকমণ্ডলী রপ্তানির বাইরে কোম্পানিগুলোর অন্যান্য যোগ্যতাকেও বিবেচনায় নিয়েছেন।