পাঁচ সিবিএ নেতা-কর্মী সাময়িক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের কর্মচারী ইউনিয়ন বা সিবিএর পাঁচ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপককে লাঞ্ছিত করায় তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন সংস্থাপন ও কল্যাণ বিভাগের অফিস সহকারী (কেয়ারটেকার) ও বর্তমান সিবিএর সাধারণ সম্পাদক মো. কাবিল হোসেন কাজী, একই বিভাগের গাড়িচালক মো. আবুল কালাম আজাদ, কাপ্তান বাজার শাখার অফিস সহকারী মো. আরমান মোল্লা, স্থানীয় কার্যালয়ের অফিস সহকারী মো. আনোয়ার হোসেন ও আহসান হাবিব। গত বৃহস্পতিবার ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁদের বহিষ্কারের আদেশ দেয়।
সিবিএর সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও অফিস সহকারী মহিউদ্দিন ৫ ডিসেম্বর স্থানীয় শাখায় যোগদান করেন। এর প্রতিবাদে সিবিএর বর্তমান সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক কাবিল হোসেন কাজী, সিবিএ নেতা আনোয়ার মোল্লা, আহসান হাবিবসহ ১৫-২০ জন দ্বিতীয় তলার স্থানীয় কার্যালয়ে যান। এ সময় তাঁরা মহাব্যবস্থাপক নুরুজ্জামান, উপমহাব্যবস্থাপক শওকত আলী খান ও সহকারী মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেনের কাছে মহিউদ্দিনের যোগদানের বিষয়ে জানতে চেয়ে গালিগালাজ করেন। পরে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপককে নিজ কক্ষ থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে পঞ্চম তলার প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়ে যান। সেখানে তাঁরা জোরপূর্বক হাজিরা খাতা থেকে মহিউদ্দিনের নাম মুছে ফেলে দিয়ে তাতে জিএম-ডিজিএমকে অনুস্বাক্ষর দিতে বাধ্য করান।
এ ঘটনার পর ওই শাখার ব্যবস্থাপক ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এরপর ৬ ডিসেম্বর ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) দেবাশীষ চক্রবর্তীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনার প্রতিবাদে ব্যাংক কর্মকর্তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
কমিটির প্রাথমিক তদন্তে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়। অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
জানা গেছে, বর্তমানে ব্যাংকটির সিবিএর নেতৃত্ব দিচ্ছে মোস্তাক-কাবিল গ্রুপ। অভিযোগ রয়েছে, এ গ্রুপের ছত্রচ্ছায়ায় ব্যাংকে নানা অপকর্ম করেন সিবিএ কর্মীরা। এর আগেও কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন এ গ্রুপের কর্মীরা।