পাঁচ সেকেন্ডেই পাওয়া যাবে ব্যাংক গ্রাহকের ঋণের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্যাগারটি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) এখন স্বয়ংক্রিয় তথ্যপ্রযুক্তির আওতায় ঢুকে পড়েছে। এর ফলে অনলাইনে মাত্র কয়েক সেকেন্ডেই ব্যাংকগুলো কোনো গ্রাহকের ঋণতথ্য পেয়ে যেতে পারবে। গ্রাহককেও এখন আর আগের মতো সিআইবি প্রতিবেদনের জন্য অপেক্ষা করে থাকতে হবে না।অনলাইনে সিআইবি তথ্য-উপাত্ত পেতে ব্যাংকগুলো এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ও করছে। এ ব্যবস্থায় প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দু-তিনটি করে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। কোনো গ্রাহকের ঋণতথ্য পেতে ব্যাংকগুলো এই পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় ঋণ তথ্যাগারে প্রবেশ করতে পারবে এবং নিজেদের কম্পিউটার থেকেই প্রতিবেদন সংগ্রহ করে ফেলতে পারবে।রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল মঙ্গলবার অনলাইনে সিআইবি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) ইয়ান ক্রসবি ও ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) ক্যাথরিন মার্টিন বক্তব্য দেন। এ সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গভর্নর বলেন, সিআইবি অনলাইন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধনের পরক্ষণ থেকেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ সাইট থেকে ঋণের তথ্য সিআইবি তথ্যভান্ডারে সরাসরি পাঠাতে পারবে। একই সঙ্গে সিআইবি প্রতিবেদনপ্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা এবং কাগজভিত্তিক প্রতিবেদনপ্রাপ্তির সময়সাপেক্ষ প্রক্রিয়ার পরিবর্তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই সিআইবি অনলাইনে প্রবেশ করে ঋণের প্রতিবেদন সংগ্রহ করতে পারবে।গভর্নর বলেন, ‘আমি অনলাইনে সিআইবি প্রতিবেদন প্রদানের এ সেবাকে দেখছি আমাদের আর্থিক খাতের জন্য একটি সন্ধিক্ষণ হিসেবে। এর ফলে ব্যবসা ও গৃহস্থালি খাতের প্রকৃত গ্রাহকদের ঋণ আবেদন প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তির কাজ দ্রুততর হবে। আর এর শুভসূচনা থেকে পাওয়া কার্যকর অর্জন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশনকে একধাপ এগিয়ে নেওয়ার অন্যতম সোপান হয়ে থাকবে বলে আমি মনে করি।’ডেপুটি গভর্নর নজরুল হুদা পরে এ প্রতিবেদককে বলেন, ‘এর ফলে ঋণতথ্য প্রতিবেদন পাওয়া নিয়ে যে ভোগান্তি এত দিন ছিল, তা আর থাকছে না।’ঋণতথ্য প্রতিবেদন অনলাইনে পাওয়া গেলেও গ্রাহকের তথ্যের নিরাপত্তায় বিভিন্ন ধরনের ব্যবস্থা এ প্রক্রিয়ায় থাকছে বলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলো জানাচ্ছে। বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের এই সাইটটিতে যে ব্যাংক ঢুকবে, তার সব তথ্যই থাকবে। কেন্দ্রীয় ব্যাংক সময় সময়, এমনকি সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করে দেখবে, ব্যাংকটি যে গ্রাহকের ঋণতথ্য নিয়েছে, তাঁর (গ্রাহকের) আবেদন বা ঋণতথ্য নেওয়ায় সম্মতিসূচক স্বাক্ষর আছে কিনা। অনলাইনে ঋণতথ্য পাওয়ার ক্ষেত্রে এমন কতগুলো শর্তও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।প্রায় ১৯ বছর, অর্থাৎ ১৯৯২ সাল থেকে বাংলাদেশ ব্যাংক গ্রাহকের সিআইবি প্রতিবেদন ব্যাংকগুলোকে সরবরাহ করে আসছে। সিআইবি অনলাইন সেবা চালু হওয়ায় এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সফটওয়্যারে কোনো ঋণগ্রহীতার নাম লিখে সন্ধান বা সার্চ দেওয়ামাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই গ্রাহকের গত দুই বছরের ঋণতথ্য পেয়ে যাবে।অন্যদিকে, এখন আর আগের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছে থাকা ঋণের তথ্য সিডির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে সরবরাহ করতে হবে না। অনলাইনেই এ তথ্য-উপাত্ত সরবরাহ করতে পারবে। অনলাইনে যাওয়ার ফলে সিআইবি প্রতিবেদনপ্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা এবং কাগজভিত্তিক প্রতিবেদনপ্রাপ্তির সময়সাপেক্ষ প্রক্রিয়ার পরিবর্তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই সিআইবি অনলাইনে প্রবেশ করে ঋণের প্রতিবেদন সংগ্রহ করতে পারবে।জানা যায়, ১৯৯২ সালের আগে ব্যাংকগুলো গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্যাদি পারস্পরিক লেনদেনের মাধ্যমে ঋণ বিতরণ করত। তারপর বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণতথ্য সংগ্রহ করে তা সিআইবি প্রতিবেদন আকারে ব্যাংকগুলোকে সরবরাহ শুরু করে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক প্রতিদিন ৩০০ ঋণগ্রহীতার সিআইবি প্রতিবেদন সরবরাহের উপযোগী ছিল। ২০০৮ সালে এসে এই ক্ষমতা দাঁড়ায় প্রায় তিন হাজারে। কিন্তু প্রতিদিন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে গড়ে প্রায় ছয় হাজার আবেদন আসতে থাকে। সিআইবিকে অনলাইনে দেওয়ার এ ব্যবস্থা প্রবর্তনের কাজ শুরু হয় ২০০৯ সালের মে মাসে। ইতালিয়ান প্রতিষ্ঠান ক্রিফ কাজটি করেছে। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৫৬ লাখ মার্কিন ডলার। ডিএফআইডি এই প্রকল্পে অর্থায়ন করে। প্রকল্পটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আইএফআইসি।নতুন গ্রাহকের ঋণতথ্য পেতে ব্যাংকগুলোকে প্রথমে ১০০ টাকা এবং পরে গ্রাহকের অন্যান্য লিংকে সার্চ দিলে ১০ টাকা করে বাংলাদেশ ব্যাংককে সেবামাশুল দিতে হবে। তবে গ্রাহকের কাছ থেকে মাশুল চার্জ নেওয়ার বিষয়টি ব্যাংক নিজেই নির্ধারণ করবে।