পাঁচ হাজার কোটি ডলার মূলধন নিয়ে গঠিত হলো ব্রিকস ব্যাংক
বেশ উচ্চাশা নিয়েই ব্রিকস ব্যাংক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। ব্রাজিলের ফোরতালেজায় ১৫ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত পাঁচ অগ্রসর উন্নয়নশীল দেশের জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শেষ হলো এই ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে। চীনের সাংহাইয়ে হবে ব্যাংকের প্রধান কার্যালয়। আর ভারত হবে এর প্রথম সভাপতি। আর রাশিয়া হবে প্রতিনিধিদের চেয়ারম্যান।
মোট ১০ হাজার কোটি ডলারের পুঁজি নিয়ে গড়ে তোলা হবে ব্যাংকটি। তবে প্রাথমিকভাবে পুঁজি হবে পাঁচ হাজার কোটি ডলার। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা প্রতিটি দেশ এক হাজার কোটি ডলার করে প্রদান করবে। পাঁচ সদস্যেরই সমান অংশীদার ও ভোটাধিকার থাকবে।
অনেক দিন ধরেই অগ্রসর উন্নয়নশীল দেশগুলো চাচ্ছিল বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) তাদের অংশীদার বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়ন আইএমএফের নেতৃত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠার পর থেকেই। আর তাই পশ্চিমা বিশ্বের কর্তৃত্বেই রয়ে গেছে বিশ্বব্যাংক ও আইএমএফ। উন্নয়নশীল ও গরিব দেশগুলোকে অর্থায়ন ও সহযোগিতা করলেও তা যথেষ্ট উপকারে আসেনি।
এ অবস্থায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে বিকল্প অর্থায়নকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের একটি চাহিদা তৈরি হয় বেশ অনেক দিন আগে। শেষ পর্যন্ত তা ব্রিকস ব্যাংক আকারে বাস্তবায়িত হতে যাচ্ছে। এই ব্যাংকের পর্ষদে সদস্য দেশগুলোর অর্থ মন্ত্রণালয় বা কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতিনিধি প্রেরণ করা হবে। আপাতত এই পাঁচ দেশের মধ্যে সদস্যপদ সীমিত থাকলেও ভবিষ্যতে আর্জেন্টিনা, মেক্সিকো, ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল অন্যান্য দেশকেও সদস্যপদ দেওয়া হবে।
অনুমোদিত মূলধনের বাইরে ১০ হাজার কোটি ডলারের সংকট মোকাবিলার তহবিলও গঠন করা হয়েছে, যাকে বলা হচ্ছে কনটিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট (সিআরএ)। এই তহবিলে চীন একাই চার হাজার ১০০ কোটি ডলার প্রদান করবে। রাশিয়া, ব্রাজিল ও ভারত প্রতিটি দেশ দেবে এক হাজার ৮০০ কোটি ডলার করে। আর দক্ষিণ আফ্রিকা দেবে ৫০০ কোটি ডলার।
ব্রিকস দেশগুলোর নেতারা মনে করছেন যে এই ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পাশ্চাত্যের ওপর আর্থিক নির্ভরতা কমিয়ে আনা সম্ভব হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে, ‘এ ব্যবস্থায় বিশ্ব আর্থিক বাজারের সংকট থেকে আমাদের জাতীয় অর্থনীতিকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়ার ভিত্তি তৈরি হবে।’
ব্রিকস দেশগুলো বর্তমানে বিশ্বের মোট পুঁজি বিনিয়োগের ১১ শতাংশ এবং বৈশ্বিক জিডিপির (মোট দেশজ উৎপাদন) ২০ শতাংশ জোগান দেয়। বিশ্বের মোট জনগোষ্ঠীর ৪২ শতাংশ এই দেশগুলোয় বাস করে। দেশগুলোর পরস্পরের সঙ্গে মোট বাণিজ্য ছয় লাখ ১৪ হাজার কোটি ডলার, যা কিনা বিশ্ব বাণিজ্যের প্রায় ১৭ শতাংশ।
ব্রিকসের শক্তিশালী আর্থিক বাজার তৈরি করার জন্য ইতিমধ্যে ব্রিকস স্টক অ্যালায়েন্স গঠন করা হয়েছে। এর ফলে সদস্য দেশগুলো একযোগে শেয়ার, বন্ড ও ডেরিভেটিভস লেনদেন করতে পারবে। রাশিয়া একটি জ্বালানি জোট গঠনেরও প্রস্তাব দিয়েছে ফুয়েল রিজার্ভ ব্যাংক ও ব্রিকস এনার্জি পলিসি ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেছেন যেকোনো ধরনের প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে ব্রিকস ব্যাংক গঠন করা হয়নি। তিনি বলেন, ‘আমরা চাই ন্যায়বিচার ও সম-অধিকার। আইএমএফকে তাই দ্রুত ভোটাধিকার কোটা পরিবর্তন করতে হবে। উদীয়মান দেশগুলোর গুরুত্ব মূল্যায়ন করতে হবে।’
ব্রিকস সম্মেলনে আরও যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
তবে ব্রিকস ব্যাংকের পথযাত্রা মসৃণ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। কোন ধরনের শর্তে ও কী সুদের হারে এই ব্যাংক ঋণ প্রদান বা অর্থায়ন করবে, সেটা হলো প্রথম চ্যালেঞ্জ। বিশ্বব্যাংক ও আইএমএফ শর্তযুক্ত ঋণ দিয়ে থাকে। তবে বিশ্বব্যাংক ঋণে অনেক ক্ষেত্রেই স্বল্প হারে সুদারোপ করে থাকে। আবার ব্রিকস ব্যাংকের ঋণমান কী হবে, সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। বিশ্বব্যাংক ও আইএমএফ সর্বোচ্চ ঋণমান (এএএ) ধারণ করে। অর্থাৎ তাদের ঋণ পুরোপুরি ঝুঁকিমুক্ত।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো বিনির্মাণে এই ব্যাংক থেকে ঋণ প্রদান করা হবে। সে ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশও ব্রিকস ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার কথা ভাবতে পারে, যদি শর্ত অনুকূলে থাকে এবং সুযোগ দেওয়া হয়।
এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘ব্রিকস ব্যাংকে ব্রিকস-বহির্ভূত উন্নয়নশীল দেশগুলোর যুক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশ বা অন্য কোনো দেশ যদি সদস্য হতে আগ্রহী হয়, তাহলে আগে স্পষ্ট হতে হবে যে সে দেশ কী পরিমাণ বিনিয়োগ করবে, তার কতটা ভোটাধিকার থাকবে ইত্যাদি। আপাতত এগুলো কিছু জানা যাচ্ছে না। এ জন্য আমাদের বিস্তারিত কাঠামো প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
তথ্যসূত্র: ইকোনমিক টাইমস ও রাশিয়ান টাইমস।