পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়িয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে যে বিশেষ তহবিল গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রাথমিক আকার হবে ন্যূনতম পাঁচ হাজার কোটি টাকা। প্রয়োজনে এই তহবিলের আকার আরও বাড়ানো হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ ২৫টি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীদের সঙ্গে সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে সরকারি মালিকানাধীন চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), আইসিবি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) যৌথভাবে এ তহবিল গঠন করবে। তবে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান চাইলে এ তহবিল গঠনে ভূমিকা রাখতে পারবে। শেয়ারবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে গত সোমবার আইসিবির পক্ষ থেকে তহবিলটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ওই দিন তহবিলের আকার কী হবে তা না জানানো হলেও বিনিয়োগকারীরা আশান্বিত হয়ে ওঠেন। এতে মঙ্গলবার বাজারে মূল্যসূচকের বড় ধরনের উল্লম্ফন ঘটে। কিন্তু তহবিল গঠনের বিষয়টি দৃশ্যমান না হওয়ায় এক দিনের ব্যবধানে গতকাল বুধবার আবারও বড় ধরনের দরপতনের ধারায় ফেরে বাজার। ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক ৩০৯ পয়েন্ট বা প্রায় সাড়ে পাঁচ শতাংশ কমে পাঁচ হাজার ২৯২ পয়েন্টে নেমে এসেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭৭১ পয়েন্ট কমে হয়েছে ১৪ হাজার ৯৫৫ পয়েন্ট। বিনিয়োগকারীদের অভিযোগ, বাজারের দরপতন ঠেকাতে সরকারের পক্ষ থেকে বারবার বিভিন্ন পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এর বেশির ভাগই শেষ পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে না। তাঁরা আরও অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ঋণ সমন্বয়ের জন্য জোর করে শেয়ার বিক্রি (ফোর্সড সেল) বন্ধ করার আহ্বান জানানো হলেও অনেক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক তা মানছে না। এটিও বাজারের দরপতনকে ত্বরান্বিত করছে বলে তাঁরা মনে করেন। এ ছাড়া বড় ব্রোকারেজ হাউস থেকে আতঙ্ক ছড়িয়ে শেয়ার বিক্রিতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেছেন। এদিকে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আল্লাহতালার কাছে দোয়া চেয়ে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। গতকাল বেলা আড়াইটার দিকে ডিএসইর সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ এ মিলাদ মাহফিলের আয়োজন করে। আইসিবিতে বৈঠক: আইসিবির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে ফায়েকুজ্জামান সাংবাদিকদের বলেন, বাজারের বর্তমান পরিস্থিতি এবং এ অবস্থায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এ বৈঠকের আয়োজন করা হয়। ফায়েকুজ্জামান জানান, বর্তমান পরিস্থিতিতে বাজারে স্থিতিশীলতা আনতে নতুন তহবিল গঠনের ব্যাপারে বৈঠকে উপস্থিত সবাই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তিনি বলেন, তহবিলটি যাতে যৌথভাবে হয়, সে জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো একটা বড় অঙ্ক যোগ করলে খুব ভালো হবে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠক সূত্রে জানা যায়, বাজারে দরপতন হলে ফোর্সড সেল যাতে বন্ধ হয়, সে লক্ষ্যে এ সংক্রান্ত আইনে সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বাজারে স্থিতিশীলতা রক্ষায় বিনিয়োগকারীদের আরও শিক্ষিত করার ব্যাপারে ব্রোকারেজ হাউসগুলো একমত পোষণ করেছে বলে জানান ফায়েকুজ্জামান। তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে শেয়ারের দাম কমলে বিনিয়োগকারীদের ক্রেতার ভূমিকায় এবং দাম বাড়লে বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের মানসিকতা নিয়ে বাজারে আসা উচিত। কিন্তু বর্তমানে এর উল্টোটা দেখা যাচ্ছে। ফায়েকুজ্জামান বলেন, গত কয়েক দিনে আইসিবি শেয়ারবাজারে ৬০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। গতকালও প্রতিষ্ঠানটি গত কয়েক দিনের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ বিনিয়োগ করেছে।প্রতিষ্ঠানটি গতকাল ৫৬ কোটি টাকার শেয়ার কিনেছে বলে জানা গেছে।মার্চেন্ট ব্যাংকারদের বৈঠক: বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) গতকাল আলাদা একটি বৈঠক করেছে। সংগঠনটির সভাপতি শেখ মর্তুজা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক থেকে বিনিয়োগকারীদের উদ্দেশে বলা হয়, বাজার এরই মধ্যে অনেকখানি সংশোধন হয়েছে। যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন তাঁদের জন্য এটি বিনিয়োগের সুবর্ণ সুযোগ। এ সময় আরও বলা হয়, মার্চেন্ট ব্যাংকগুলো বিনিয়োগে রয়েছে এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে থাকবে। ফোর্সড সেলের বিষয়ে মর্তুজা আহমেদ বলেন, বৈঠকে সদস্য ২৪টি মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তারা কোনো ফোর্সড সেল করছে না। এর বাইরে দু-একটি মার্চেন্ট ব্যাংক করে থাকলে তার জন্য ঢালাওভাবে সব মার্চেন্ট ব্যাংককে দায়ী করা ঠিক হবে না।