পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজ
পেঁয়াজ

জরুরি ভিত্তিতে অন্তত পাঁচ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে সরকার। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভারত ও মিয়ানমার থেকে এসব পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি করা পেঁয়াজ আগামী সপ্তাহেই বাজারে পাওয়া যাবে।
টিসিবির কার্যালয়ে আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। টিসিবির প্রধান তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সরাসরি, কোটেশন ও আন্তর্জাতিক টেন্ডার’—এই তিন পদ্ধতিতে পেঁয়াজ আমদানি করা হবে। প্রাথমিকভাবে এর পরিমাণ প্রায় পাঁচ হাজার মেট্রিক টন হবে। তবে পরে পরিমাণ বাড়তে পারে বলে জানান তিনি।
দেশে পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে গত শনিবার সচিবালয়ে বাণিজ্যসচিব মাহবুব আহমদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রাখার জন্য টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়। এর পরই আমদানির প্রক্রিয়া শুরু করার এসব সিদ্ধান্ত নেওয়া হলো।
টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদারও প্রথম আলো ডটকমকে পেঁয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যত দিন পর্যন্ত বাজার স্থিতিশীল না হবে, তত দিন পর্যন্ত পেঁয়াজ আমদানি করা হবে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে টিসিবি পেঁয়াজ আমদানি করবে।

টিসিবির তথ্য অনুযায়ী, প্রতি কেজি দেশি পেঁয়াজ গতকাল ৭০ থেকে ৭৫ এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। ঠিক এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজের কেজি ছিল ৪৪ থেকে ৪৫ টাকা। আর দেশি পেঁয়াজ বিক্রি হয় ৪৮ থেকে ৫২ টাকা কেজি দরে। ঈদের পর থেকে প্রতিদিনই বেড়েছে পেঁয়াজের দাম।