পাঁচ হাজার টন পেঁয়াজ আনবে টিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্যতা যাচাইয়ের পর পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রাথমিকভাবে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানি করবে সংস্থাটি। এসব পেঁয়াজ আমদানি করা হবে ভারত ও মিয়ানমার থেকে।টিসিবির কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশে পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়তে থাকায় পণ্যটির দাম কমানোর লক্ষ্যে গত শনিবার সচিবালয়ে বাণিজ্যসচিব মাহবুব আহমদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রাখার জন্য টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়। এরপরই গতকাল আমদানির প্রক্রিয়া শুরু করার এসব সিদ্ধান্ত নেয় টিসিবি।জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার আমদানির বিষয়টি নিশ্চিত করে বলেন, যত দিন পর্যন্ত বাজার স্থিতিশীল না হবে, তত দিন পর্যন্ত পেঁয়াজ আমদানি করা হবে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদিভাবে টিসিবি পেঁয়াজ আমদানি করবে।টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমদানির পরিমাণ আরও বাড়বে। তাঁর দাবি, আমদানি করা পেঁয়াজ আগামী সপ্তাহেই বাজারে পাওয়া যাবে।তবে আমদানিকৃত পেঁয়াজ কী দরে বাজারে বিক্রি করা হবে, তা এখনো ঠিক করা হয়নি। টিসিবির বাজার পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, প্রতি কেজি দেশি পেঁয়াজ গতকাল ৭০ থেকে ৭৫ এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। ঠিক এক সপ্তাহ আগে দুই ধরনের পেঁয়াজই ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে কেনা যেত। ঈদের পর থেকে প্রতিদিনই বেড়েছে পেঁয়াজের দাম।টিসিবির সূত্র জানায়, সরাসরি, আন্তর্জাতিক কোটেশন এবং আন্তর্জাতিক দরপত্র—এ তিন পদ্ধতিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় পর্ষদের বৈঠকে। সরাসরি পদ্ধতিতে আমদানির জন্য আগ্রহী আমদানিকারকদের আজ মঙ্গলবার চিঠি দেবে টিসিবি। কাল বুধবার এ জন্য দরপত্র আহ্বান করা হবে। আর সাত দিনের মধ্যে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।বৈঠক সূত্র জানায়, পেঁয়াজ আমদানির লক্ষ্যে আগামী সপ্তাহে সরকারের একটি প্রতিনিধিদল মিয়ানমার সফর করবে। দুই দেশের সরকারি পর্যায়ে পেঁয়াজ আমদানি করার সম্ভাব্যতা নিয়ে সেখানে আলোচনা করা হবে। আলোচনা ফলপ্রসূ হলে সরকারি পর্যায়েও পেঁয়াজ আমদানি করা হতে পারে। শুধু তা-ই নয়, মিয়ানমার থেকে এমনিতেই ছোলা আমদানি হয়। আর সেখানে মসুর ডালের ফলনও ভালো। সে কারণে সরকারি পর্যায়ে সে দেশ থেকে ছোলা ও মসুর ডাল আমদানি করা যায় কি না, সে বিষয়েও প্রতিনিধিদলটি আলোচনা করবে।পেঁয়াজের মূল্য নিয়ে উদ্বিগ্ন বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার সচিবালয়ে আমদানিকারক এবং ব্যবসায়ীদের সঙ্গেও জরুরি বৈঠক করেছে।