দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের পতনের মধ্য দিয়ে শুরু হয়ে পতনেই শেষ হয়েছে লেনদেন। দিন শেষে সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচেই আছে। অন্যদিকে, লেনদেনের পরিমাণ কমলেও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৪,৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কারণে বিনিয়োগকারীদের উপস্থিতি বেশ কম ছিল। এছাড়া, পরিচালকদের শেয়ারধারণ সংক্রান্ত বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালকদের রিটের শুনানি নিষ্পত্তি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা কাজ করে। যার নেতিবাচক প্রভাব বাজারে দেখা যায় বলে মন্তব্য করেছেন বাজার বিশেষজ্ঞরা। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট কমে যায়। ১১টা ৩৫ মিনিটে সূচক সর্বোচ্চ ৩৫ পয়েন্ট পর্যন্ত কমেছিল। এরপর সূচকের ওঠানামা চলতে থাকে এবং শেষ পর্যন্ত তা অব্যাহত ছিল। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৩৩টির দাম, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত আছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, লঙ্কাবাংলা ফিন্যান্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স, গ্রামীণফোন, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ এবং মেঘনা পেট্রোলিয়াম।