পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৮ হাজার ৪০৪ কোটি টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ১৪ হাজার ২১২ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে চার হাজার ১৯২ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
একনেক সভায় তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) প্রথমবারের মতো সংশোধন করা হয়েছে। সংশোধনের পর ব্যয় কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৫৪ কোটি টাকা। আগে এর ব্যয় ছিল ২২ হাজার ১৯৬ কোটি টাকা।
মূল প্রকল্পে উপবৃত্তি কর্মসূচি এবং শিক্ষার জন্য খাদ্য কর্মসূচিতে যথাক্রমে ৩ হাজার ৩৫১ কোটি টাকা ও এক হাজার ৯৫৭ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু এ দুটো কর্মসূচির জন্য আলাদা প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে। এ জন্য সংশোধিত প্রকল্প থেকে এ দুটি কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। ফলে প্রকল্প ব্যয় কমে এসেছে। তবে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুন মাসে। এখন তা বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর করা হয়েছে।
মোট প্রকল্প সাহায্যের মধ্যে ২ হাজার ৬০৬ কোটি টাকা ঋণ এবং বাকি ১ হাজার ৫৮৬ কোটি টাকা অনুদান। এই ঋণ ও অনুদান দেবে ১০টি উন্নয়ন সহযোগী সংস্থা। সংস্থাগুলো হলো এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (আইডিএ), অস্ট্রেলিয়ান এইড, কানাডিয়ান সিডা, ডিএফআইডি, ইইউ, জাইকা, সুইডিস সিডা, জিপিই ও ইউনিসেফ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এ প্রকল্পটি নিয়ে সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, মূল প্রকল্পে মোট ৪৮ হাজার ৮৪ জন জনবলের কথা উল্লেখ ছিল। সংশোধিত প্রকল্পে অতিরিক্ত ৩৩ হাজার ৪৪৮ জন বাড়িয়ে মোট ৮১ হাজার ৫৩২ জন জনবল নেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার ৬০৫ জন শিক্ষকের পদ স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে চলে যাবে।
একনেকের গতকালের সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত আরও তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো ৭৪ কোটি টাকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষ উন্নয়ন প্রকল্প, ৬৫ কোটি টাকার ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প এবং ৭৯ কোটি টাকার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আওতায় চট্টগ্রাম ও রাজশাহীতে ক্রীড়া স্কুল স্থাপন প্রকল্প। এ ছাড়া ৩২ কোটি টাকার বিসিক শিল্পনগর ও চুয়াডাঙ্গা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেকে।