পাঁচটি কারখানায় কাজ করতেন ৩,৪০০ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজার পাঁচ কারখানায় তিন হাজার ৪০০ বা তার চেয়ে কিছু বেশি শ্রমিক কাজ করতেন বলে জানিয়েছেন বিজিএমইএর নেতারা। অবশ্য ভবনধসের দিন গত বুধবার তাৎক্ষণিকভাবে সমিতি জানিয়েছিল, কারখানাগুলোতে তিন হাজার ১২২ জন শ্রমিক কাজ করতেন। বিজিএমইএ ভবনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন সমিতির সহসভাপতি এস এম মান্নান। তিনি বলেন, ‘কারখানার মালিকেরা আত্মসমর্পণের আগে প্রশ্ন করলে আমাদের এমন তথ্যই জানিয়েছেন তাঁরা। তবে সেদিন হরতালের কারণে শ্রমিক উপস্থিতি কিছুটা কম হতে পারে।’এস এম মান্নান বলেন, ‘আমরা আগে যে হিসাব দিয়েছিলাম সেটি কারখানাগুলোর গত ফেব্রুয়ারির বিমার তথ্য থেকে নেওয়া। তারপর আরও কিছু শ্রমিক কারখানাগুলোতে যোগ দেন।’ আনুষ্ঠানিক ব্রিফিং করেন সমিতির সভাপতি আতিকুল ইসলাম। তিনি ২ মের হরতাল প্রত্যাহার করায় বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ। ব্রিফিং শেষে চারটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণ টাকার চেক সমিতির সভাপতির হাতে তুলে দেন। এর মধ্যে চৈতি গ্রুপ ১০ লাখ, মন্ডি ডি ক্যাপিটাল গ্রুপ ১০ লাখ, ইপিলিওন গ্রুপ ১০ লাখ ও আশিয়ানা গার্মেন্টস দিয়েছে দুই লাখ ১৫ টাকা।