পাঁচটি বিদ্যুৎ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বাড়াতে পাঁচ হাজার ২৯৮ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বিদ্যুৎ খাতের এই পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্প উৎপাদন বৃদ্ধি এবং বাকি দুটি প্রকল্প বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে।শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেকের সভায় এই প্রকল্পগুলো অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।বিদ্যুতের প্রকল্পগুলো বাস্তবায়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছ থেকে চার হাজার ২৩৩ কোটি টাকা পাওয়া যাবে। বাকি এক হাজার ৬৫ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে। গতকালের একনেকের সভায় এই পাঁচটি বিদ্যুৎ প্রকল্পসহ মোট ছয় হাজার ৪৫৯ কোটি টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহের ব্যয়ের মধ্যে দুই হাজার ২২৬ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট চার হাজার ২৩৩ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।বিদ্যুৎ খাতের প্রকল্পসমূহ হলো: ৮৩৩ কোটি টাকার খুলনার ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল পাওয়ার প্ল্যান্টে উন্নীতকরণ প্রকল্প; ৩৪২ কোটি টাকার শাহবাজপুর গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টকে ১০৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল পাওয়ার প্ল্যান্টে রূপান্তর প্রকল্প; ৭০৮ কোটি টাকার ১৫০ মেগাওয়াট সিলেট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল পাওয়ার প্ল্যান্টে রূপান্তর প্রকল্প; পূর্বাঞ্চলের জন্য ৯৮৭ কোটি টাকার ১৩২ কেভি গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প এবং দুই হাজার ৪২৭ কোটি টাকার জাতীয় সঞ্চালন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প।অন্য প্রকল্পসমূহ: একনেকে গতকাল ৪৯০ কোটি টাকার বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ (প্রথম সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ৪০০ একর আয়তনের শিল্প পার্কটিতে ৫৭০টি রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন এবং আরও ২৫০টি শিল্প প্লটের উন্নয়ন করা হবে। শিল্প ইউনিট স্থাপনের মাধ্যমে এখানে প্রায় এক লাখ লোকের সরাসরি কর্মসংস্থানের সৃষ্টি হবে।আরও যেসব প্রকল্প অনুমোদিত হয়েছে, সেগুলো হলো: ৭৬ কোটি টাকার হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শক্তিশালীকরণ প্রকল্প; ২২০ কোটি টাকার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় কোমরপুর থেকে সাড়া ঝাউদিয়া ও নাটোর জেলার তিলকপুর-গৌরীপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প; ১৯১ কোটি টাকার কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলার বৈরাগীর হাট ও চিলমারী বন্দর ব্রহ্মপুত্র নদের ডান তীরের ভাঙন থেকে রক্ষা প্রকল্প (প্রথম সংশোধিত) এবং ৫৮ কোটি টাকার বিসিক শিল্প পার্ক (ভৈরব) প্রকল্প। একনেকের সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে পরিকল্পনাসচিব ভুঁইয়া শফিকুল ইসলাম প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।