পাঁচটি রিটের বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান বিচারপতি
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচটি প্রতিষ্ঠানের ২৩ জন পরিচালকের দায়ের করা রিটের শুনানি আজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। আজ মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেন।আদালত বাদীপক্ষের আইনজীবীদের রিট গ্রহণ করে উভয় পক্ষের বক্তব্য শোনেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকালের তিন রায়ের কপি না পাওয়া পর্যন্ত অপেক্ষা অথবা প্রধান বিচারপতির কাছে আজকের রিটের আদেশ দেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।এনসিসি ব্যাংকের নয়জন পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন; মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক আবদুল জলিল, মনসুরুজ জামান, শফিকুর রহমান ও শাহেদ রেজার পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ; সাউথইস্ট ব্যাংকের পরিচালক রেহানা রহমানের পক্ষে ড. কামাল হোসেন; ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালক মাহমুদুল হক তাহেরসহ নয়জন পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন ও আইনজীবী মাহমুদুল ইসলাম শুনানিতে অংশ নেন। এ ছাড়া প্রাইম ফিন্যান্সের পরিচালক এম এন এইচ বুলুর পক্ষে আইনজীবী আকতার ইমাম শুনানি করেন। এ ব্যাপারে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ২সিসি আইন ১৯৯৭ সাল থেকে চলে আসছে। এসইসি ২সিসি দিয়ে যেকোনো নির্দেশনা দিতে পারে। আজ ২সিসিকে চ্যালেঞ্জ করে পাঁচটি রিট করা হয়। আদালত রিটগুলো গ্রহণ করেছেন। তবে গতকাল এ-সংক্রান্ত তিনটি রিট খারিজ করা হয়েছে। তাই আজকের বেঞ্চ গতকালের রায়ের কপি না পাওয়ায় বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। প্রধান বিচারপতি এই পাঁচটি রিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি অন্য বেঞ্চে রিটটি স্থানান্তরও করতে পারেন।এর আগে আজ সকালে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ থেকে রোকনউদ্দিন মাহমুদ ও ড. কামাল হোসেন রিটটি বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও খোরশেদ আলম সরকারের বেঞ্চে স্থানান্তর করা হয়।