পাইকারি কাপড়ের বৃহৎ মোকাম ভুলতা গাউছিয়া জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে বেশ জমে উঠেছে পাইকারি কাপড়ের অন্যতম বৃহৎ মোকাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট। রমজানের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা এখানে এসে ভিড় করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র নারী ব্যবসায়ীও রয়েছেন।সরেজমিনে দেখা যায়, এই মার্কেটে তাঁতের শাড়ি ১৫০ থেকে চার হাজার টাকা এবং লুঙ্গি ৭০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া চলতি ফ্যাশনের শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, টি-শার্ট, ফুলশার্ট, জিন্স প্যান্ট, দেবদাস ফতুয়া, বেনারশি কাতান, মিরপুরি কাতান, দেশি জামদানি, লেদার আইটেম, বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি ও বাচ্চাদের কাপড়ও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। গাউছিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ পাইকারি বিক্রেতারা প্রথম আলোকে জানান, এই মোকামে ব্যবসা করে গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গার প্রায় ২২-২৩ হাজার নারী ব্যবসায়ী স্বাবলম্বী হয়েছেন। আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, এখানকার পাইকারি ক্রেতাদের যেমন কোনো অতিরিক্ত অর্থ খরচ করতে হয় না, তেমনি চোর-পকেটমারের উপদ্রবও নেই। কারণ ক্রেতাদের নিরাপত্তায় এই মার্কেটে ৪০ জন আনসার ও ১২ জন কমিউনিটি পুলিশ নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে আছে ব্যবসায়ী সমিতির প্রহরীরা। এর ওপর মার্কেটের তৃতীয় তলায় রয়েছে ভুলতা ফাঁড়ির পুলিশ। এ ছাড়া মার্কেটটিতে ব্যাংকের শাখাসহ হাসপাতাল, হোটেল-রেস্তোরাঁ ও নামাজের স্থান প্রভৃতি সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করেন তিনি।ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি সিরাজুল ইসলাম বলেন, এই মার্কেটে বর্তমানে সাড়ে চার হাজার স্থায়ী দোকান আছে। প্রতি মঙ্গলবার এখানে পাইকারি কেনাবেচা হয়। তবে ক্রেতারা সোমবার দুপুর থেকেই আসতে শুরু করেন। দেশের প্রায় সব জেলার ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে কাপড় কিনে নেন বলে তিনি জানান। তবে দোকান মালিকেরা ও এলাকাবাসী গাউছিয়া মার্কেটের ব্যবসায়িক গুরুত্বের কথা বিবেচনা করে ভুলতা ও গোলাকান্দাইল বাসস্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের দাবি জানান। এ ছাড়া বিশেষ করে মোকামের দিনে (মঙ্গলবার) ব্যাপক যানজট হওয়ায় সেদিন এখানে ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য কর্তৃপক্ষের প্রতি তাঁরা অনুরোধ জানান।খুদে কাপড় ব্যবসায়ী জাহানারা বেগম প্রথম আলোকে জানান, স্বামীপরিত্যক্ত হয়ে তিনি ঢাকার খিলগাঁও এলাকায় দুই সন্তান নিয়ে অভাব-অনটনের মধ্যে জীবন যাপন করছিলেন। এমনই এক দুরবস্থার মধ্যে ২০০১ সালে প্রতিবেশী মালেকা বেগমের পরামর্শে সুদে তিন হাজার টাকা নিয়ে তিনি গাউছিয়া মার্কেট থেকে কাপড় কিনে নিয়ে ব্যবসা শুরু করেন। ইতিমধ্যে তিনি স্বাবলম্বী হয়েছেন এবং পুঁজিও বেড়ে দাঁড়িয়েছে চার লাখ টাকা। এখন এক ছেলে ও এক মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখছেন বলে তিনি জানান। ডেফোডিল শাড়ি বিতানের মালিক শরিফুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে পুরুষদের পাশাপাশি নারী ব্যবসায়ীদের পদভারে ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের মার্কেট খুব জমে উঠেছে।মাস্টার শপিং সেন্টারের মালিক বাদল হোসেন বলেন, বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ধরনের পোশাকও এই মার্কেটে বেশ বিক্রি হচ্ছে।তবে এই মার্কেটে বিদেশি শাড়ি ও সালোয়ার-কামিজের চেয়ে দেশি পোশাকের চাহিদা বেশি বলে জানান হাই চয়েজের মালিক ইব্রাহিম।এনজেলিক প্রিন্ট শাড়ির দোকানের মালিক অহিদুজ্জামান জানান, এখানে ৭০০ থেকে শুরু করে তিন-চার হাজার টাকা দামের শাড়িও বিক্রি হচ্ছে। বোম্বে টেক্সটাইলের মালিক হাজি আবদুল মালেক বলেন, ‘গাউছিয়ায় যত কাপড়ই নিয়ে আসি সবই বিক্রি হয়ে যায়। দাম কম বলে চাহিদা বেশি।’মার্কেটের চেয়ারম্যান বেগম সামসুন্নাহার প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী, এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিন দিন ভুলতা গাউছিয়া মার্কেটের প্রসার ঘটছে। এতে খুদে কাপড় ব্যবসায়ী মহিলারাও বেশ লাভবান হচ্ছেন।উল্লেখ্য, ঢাকা থেকে ২৬ কিলোমিটার পূর্বে ঢাকা-সিলেট মহাসড়কের ঘেঁষে ৩১ বিঘা জমির ওপর গড়ে উঠেছে গাউছিয়া পাইকারি মার্কেট। বর্তমানে একটি পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে।