পাইকারি দোকানে ভাসছিল পেঁয়াজ-রসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ ও আছদগঞ্জের বিভিন্ন পাইকারি দোকানে বৃষ্টি ও জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ব্যবসায়ীরা। ছবিটি গতকাল বেলা ৩টায় খাতুনগঞ্জ থেকে তোলা l সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ ও আছদগঞ্জের বিভিন্ন পাইকারি দোকানে বৃষ্টি ও জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ব্যবসায়ীরা। ছবিটি গতকাল বেলা ৩টায় খাতুনগঞ্জ থেকে তোলা l সৌরভ দাশ

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জের দোকানপাটে পানি ঢুকে গেছে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা থইথই পানি ছিল এ তিনটি এলাকায়। এতে বিভিন্ন পচনশীল পণ্যসামগ্রী ভিজে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

খাতুনগঞ্জের হামিদুল্লা মিয়ার বাজারে পেঁয়াজ, রসুন, হলুদসহ কাঁচামালের দেড় শতাধিক আড়ত রয়েছে। জোয়ারের পানি প্রায় সব কটি আড়তেই ঢুকেছে। পানি ঢোকার কারণে কোনো কোনো আড়তে বিভিন্ন ধরনের কাঁচা পণ্য পানিতে ভাসতে দেখা গেছে।

এখানকার সোনালী ট্রেডার্সের কর্ণধার মো. আবসার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এত পানি ঢুকতে আর কখনো দেখিনি। দোকানের সামনে কয়েক ফুট উঁচু প্রতিরোধ দেয়াল থাকার পরও জোয়ার ও বৃষ্টির পানি ঢুকেছে। এতে আমার আড়তে ৬০০ বস্তা হলুদ ভিজে গেছে।’

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, ১৯৯১ সালেও এত পানি ওঠেনি চাক্তাই-খাতুনগঞ্জে। এবারে কম-বেশি সব ব্যবসাপ্রতিষ্ঠানই ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

খাতুনগঞ্জের ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জয় দেব বলেন, প্রতিরোধ দেয়াল থাকায় অন্যবার পানি উঠলেও দোকানে ঢোকেনি। এবার প্রতিরোধ দেয়াল দিয়েও পানি ঠেকানো যায়নি।

গতকাল বেলা তিনটায় নগরের আছদগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায়, ভাটার টান চলছে অর্থাৎ ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। তবে কয়েকটি দোকানে পানি আটকে ছিল, যা মালিক ও কর্মচারীরা বালতি দিয়ে সেচে নেন।

ঢেউটিনের পাইকারি ব্যবসায়ী খাজা এন্টারপ্রাইজের অংশীদার সাইফুল ইসলাম বেলা তিনটায় বলেন, ‘৩০-৩২ বছর আছদগঞ্জে আছি। কিন্তু নিচু এলাকা ডুবলেও আমাদের দোকানে কখনো পানি ওঠেনি। এবার দোকানের দেয়াল উপচে পানি ঢুকেছে। প্রায় তিন ঘণ্টা দুই ফুট পানির নিচে ডুবেছিল দোকান। পরে বালতি দিয়ে পানি সেচে দোকান পরিষ্কার করেছি।’

আছদগঞ্জভিত্তিক একটি শিল্প গ্রুপের কর্মকর্তা আশীষ নাথ প্রথম আলোকে জানান, জোয়ারের পানিতে তাঁদের প্রধান কার্যালয়ের নিচতলা প্রায় এক ফুট পানিতে ডুবে যায়। কয়েক দশকের মধ্যে কার্যালয়ে তাঁরা এমন পানি দেখেননি। আশীষ আরও বলেন, আছদগঞ্জের দেড় শতাধিক দোকান ও আড়তে পানি ঢুকেছে।

চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক প্রথম আলোকে বলেন, পাইকারি বাণিজ্যকেন্দ্র চাক্তাইয়ে প্রায় ৩০০ পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠানের অন্তত ২০০ দোকান-গুদামে পানি উঠেছে। কম-বেশি প্রতিটি দোকানে নিচের স্তরে রাখা ১৫০ থেকে ২০০ বস্তা চাল ভিজে গেছে।

গতকাল দিনভর থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়। এতে কর্ণফুলী নদী ও বড় খালের পার্শ্ববর্তী এলাকাগুলো জোয়ারের পানিতে তলিয়ে যায়। বিশেষ করে চাক্তাই খালের দুই দিকে পানি ওঠে। এটিই ক্ষতি ডেকে আনে চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জের পাইকারি বাজারে।

এদিকে দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ ও আছদগঞ্জে জলাবদ্ধতা সম্পর্কে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এ ছাড়া এখন অমাবস্যা। অমাবস্যা ও পূর্ণিমার সময় বর্ষাকালে সাগরে সৃষ্ট জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই মিটার বেশি হয়। এ কারণে নগরের অনেক জায়গায় পানি উঠেছে।