পাইকারি বাজারগুলো দখল করে আছেন প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের আটটি উপজেলায় চালু করা ‘উত্তর-পশ্চিম শস্য বহুমুখীকরণ প্রকল্পের (এনসিডিবি) আওতায় নির্মিত কৃষিপণ্যের পাইকারি বাজারগুলো দখল করে আছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। আর এসব দখলদারের পক্ষে রয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। যে কারণে সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা পাত্তা পাচ্ছেন না। ফলে কৃষিপণ্যের পাইকারি বাজারের সুফল কৃষকেরা পাচ্ছেন না।গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) কর্মসূচির আওতায় আয়োজিত এক ‘কৃষক শুনানি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মামুনুর রশিদ এসব কথা বলেন।বেসরকারি সংস্থা সমভূমি ক্যাম্পেইন গ্রুপের সহায়তায় সোস্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসসিডিএফ) নামে একটি সংস্থা গত বুধবার দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।এসসিডিএফ দিনাজপুরের নির্বাহী পরিচালক সেলিনা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ মো. ফয়েজ উদ্দিন, বিএডিসি দিনাজপুরের যুগ্ম পরিচালক বিকাশ রায়, স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। এতে অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ মজিবুর রহমান, উন্নয়নকর্মী জান্নাত ফেরদৌস, সাংবাদিক আহসানুল আলম ও আকরাম হোসেইন, এসসিডিএফের উপদেষ্টা ইসলাম নুর, দিনাজপুরের আদর্শ কৃষক আলহাজ মতিয়ার রহমান, কৃষক নেতা জাকির উদ্দিন, কৃষক ওবায়দুল হক প্রমুখ বক্তব্য দেন।মামুনুর রশিদ বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি ও কৃষকের উন্নয়নে অনেক কাজ করছে। কিন্তু তারা জেলা প্রশাসনের ওপর নির্ভরশীল। কৃষকদের সব সমস্যা সমাধানে চূড়ান্তভাবে কাজ করার ক্ষমতা সংস্থাটির নেই। সরকারের নীতিনির্ধারণী মহলের উচিত বিষয়টির প্রতি নজর দেওয়া।মজিবুর রহমান বলেন, কৃষিভর্তুকির টাকা প্রায় সময়ই কৃষকেরা পান না। এ অবস্থায় ভর্তুকি না দিয়ে সরকারের উচিত অর্থবছরের শুরুতে ধান, পাট, আলু ও আখসহ প্রধান প্রধান কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া। এর ফলে কৃষকেরা সিদ্ধান্ত নিতে পারবেন কোন ফসল উৎপাদন করলে তাঁদের লাভ হবে।মতিয়ার রহমান বলেন, ফসলের দাম না পাওয়ার কারণে কৃষকেরা ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলেছেন। কৃষকদের কাছে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজারব্যবস্থায় মধ্যস্বত্বভোগী গোষ্ঠীর প্রভাব ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।জাকির উদ্দিন অভিযোগ করে বলেন, কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য আড়তদারদের কাছে অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হন। অথচ সেই পণ্য খুচরা বিক্রেতাদের কাছে অন্তত তিনগুণ বেশি দামে বিক্রি হয়।