পাইকারি বাজারে আলুর দাম কেজিতে ৬-৭ টাকা বেড়েছে

এক মাসের ব্যবধানে বগুড়া-জয়পুরহাটের পাইকারি বাজারে ৮৪ কেজি ওজনের প্রতি বস্তা আলুর দাম জাতভেদে ৫৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে। আর কেজি হিসাবে ধরলে বেড়েছে সাড়ে ৬ থেকে ৭ টাকা; যার প্রভাব পড়ছে সারা দেশের আড়ত ও খুচরা বাজারে।
আলুর দাম বাড়ার এ সুযোগ নিয়েছে মধ্যস্বত্বভোগী, মৌসুমি ব্যবসায়ী ও মজুতদারেরা। এত দিন তাঁরা বগুড়া ও জয়পুরহাটের হিমাগারগুলোতে আলু মজুত করে অর্থাৎ ধরে রেখে এখন চড়া দামে বিক্রি করছেন। এভাবে তাঁরা বিশাল অঙ্কের লাভ তুলে নিচ্ছেন।
বাংলাদেশ হিমাগার মালিক সমিতির দেওয়া তথ্যানুযায়ী, বগুড়া-জয়পুরহাটের ৪৭টি হিমাগারের প্রায় ৪ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা যায়। এবারে এসব হিমাগারের মোট ধারণক্ষমতার ২০ শতাংশ বা ৮০ মেট্রিক টন বীজ আলু সংরক্ষণ করেছেন কৃষকেরা। অবশিষ্ট জায়গায় ৩ লাখ ২০ হাজার মেট্রিক টন বা ৩৮ লাখ ৯ হাজার ৫২৩ বস্তা (প্রতি বস্তায় ৮৪ কেজি) আলু রাখেন ব্যবসায়ী-মজুতদারেরা।
বর্তমান বাজার অনুযায়ী, আলুর বস্তাপ্রতি সর্বনিম্ন মূল্যবৃদ্ধির হিসাব করলেও দেখা যায়, ৩৮ লাখ ৯ হাজার ৫২৩ বস্তা আলুতে ব্যবসায়ী-মজুতদারদের ২০৯ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকা বেশি লাভ হচ্ছে।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সূত্র জানিয়েছে, বগুড়ার ৩২টি (আলু ধারণক্ষমতা ২ লাখ ৮৩ হাজার ৪০০ মেট্রিক টন) এবং জয়পুরহাট জেলার ১৫টি হিমাগারে (ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার ৮০০) এবার প্রায় চার লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল।
বগুড়ার সদর ও শিবগঞ্জ এবং জয়পুরহাটের কালাই উপজেলার ১৫টি হিমাগারে খোঁজ নিয়ে জানা যায়, এসব জায়গায় গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আলুর দাম ঊর্ধ্বমুখী।
মজুতদার ও ব্যবসায়ীরা বলেন, উৎপাদন মৌসুমে তাঁরা কৃষকের কাছ থেকে গড়ে প্রতিমণ দেশি পাকড়ি বা দেশি গুটি আলু ৩৫০ থেকে ৩৮০ টাকা, গ্রানুলা আলু ২০০ টাকা, ডায়মন্ড, কার্ডিনাল ও অ্যাসটরিক ২৫০ থেকে ৩০০ টাকা দরে কিনেছেন। এর সঙ্গে হিমাগার ভাড়া, চটের বস্তার মূল্য, পরিবহন ও কুলি খরচ ধরলে ৮৪ কেজি ওজনের প্রতিবস্তা আলুতে সর্বোচ্চ খরচ পড়ে এ রকম—দেশি পাকড়ি আলু ১ হাজার ২০০ টাকা, গ্রানুলা আলু ৮০০ টাকা, ডায়মন্ড, কার্ডিনাল, অ্যাসটরিক ও রোমানা আলু ১ হাজার টাকা।
অথচ এখন পাইকারি বাজারে প্রতি বস্তা দেশি পাকড়ি বা দেশি গুটি আলু ১ হাজার ৯০০ টাকা; অ্যাসটরিক ও ডায়মন্ড ১ হাজার ৮০০ টাকা, কার্ডিনাল ১ হাজার ৭০০ টাকা এবং গ্রানুলা ১ হাজার ৭০০ টাকা, রোমানা আলু ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
বগুড়ার খুচরা বাজারে দাম আরও বেড়ে প্রতি কেজি দেশি পাকড়ি আলু ২৬ থেকে ২৮ টাকা (প্রতিবস্তা ২ হাজার ৩০০ টাকা) এবং ডায়মন্ড ও কার্ডিনাল ২৫ টাকা কেজি দরে (প্রতি বস্তা ২ হাজার ১০০ টাকা) বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, মাস খানেক আগে ৮৪ কেজি ওজনের এক বস্তা দেশি পাকড়ি আলু ১ হাজার ৩০০ টাকা; গ্রানুলা, রোমানা ও অ্যাসটরিক আলু ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দামে বিক্রি হয়েছে।
বগুড়া সদরের নামুজা গ্রামের কৃষক আবদুল মজিদ বলেন, গত মার্চ মাসে তিনি ১৮ বিঘা জমির অ্যাসটরিক জাতের আলু সাড়ে ৭ টাকা কেজি দরে (প্রতিমণ গড়ে ৩০০ টাকা) বিক্রি করেছিলেন। সেই আলু এখনই এখন বগুড়ার পাইকারি বাজারে প্রতি কেজি ২১ টাকায় এবং আরেক হাত ঘুরে শহরের তিনটি খুচরা বাজারে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বগুড়ার বিসিএল কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন আলী বলেন, তাঁদের হিমাগারে রাখা আলুর সিংহভাগই বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, বৃষ্টির কারণে আগাম আলু ও সবজি খেত নষ্ট হওয়ায় এখন আলুর দাম ঊর্ধ্বমুখী।
বাংলাদেশ হিমাগার মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এবার দেশে ৩৮০টি হিমাগারে ৪০ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। ইতিমধ্যে ৭০ শতাংশ আলু হিমাগার থেকে বেরিয়েছে। এখন হিমাগারে থাকা ৩০ শতাংশ আলুর মধ্যে ১০ শতাংশ কৃষকের বীজ আলু।’
জানতে চাইলে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রতুল চন্দ্র সরকার বলেন, ‘বৃষ্টির কারণে আগাম আলু চাষ বিলম্বিত ও শীতকালীন সবজি উঠতে দেরি হওয়ায় বাজারে এগুলোর দামে প্রভাব পড়েছে।