পাইকারি বাজারে কমলেও খুচরা পর্যায়ে কমেনি পেঁয়াজের দাম
ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশের পাইকারি বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমে এসেছে। কিন্তু খুচরা বিক্রেতারা এখনো পেঁয়াজ বিক্রি করছেন চড়া দামে।রাজধানীর কয়েকটি কাঁচাবাজারে গতকাল বুধবার দেশি পেঁয়াজ ৪০ এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে।ভারতের কৃষকদের বিক্ষোভ ও দাবির মুখে গত মঙ্গলবার সেই দেশের সরকার পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। এর আগে ৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে, যে কারণে ভারতে পেঁয়াজের দাম কমে যায়। প্রতি কুইন্টাল (১০০ কেজি) পেঁয়াজের দাম এক হাজার রুপি থেকে কমে ৪০০ রুপিতে নেমে আসে।ভারত রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের পর ঢাকায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে পাইকারি দর দাঁড়ায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৩৭ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকায়।তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর গতকাল শ্যামবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছে। পেঁয়াজ আমদানিকারক ও শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী রতন সাহা বলেন, রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলেও দাম তেমন কমবে না। কারণএর আগেই ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে টনপ্রতি ৪৭৫ ডলার করেছিল।