পাইকারি বাজারে রসুনের দাম এখনো চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকারি বাজারে রসুনের দাম এখনো চড়া। গত সপ্তাহে হঠাৎ করে বেড়ে যাওয়া দাম এখনো কমেনি। দিন দশেক আগের তুলনায় এখন প্রতি কেজি দেশি রসুন আট টাকা এবং চীন থেকে আমদানি করা রসুন পাঁচ থেকে ছয় টাকা বেশিতে বিক্রি হচ্ছে। তবে কাঁচাবাজারে এর প্রভাব তেমন পড়েনি অর্থাৎ দাম বাড়েনি। তাই দেশি রসুন ৬০ ও চীনা রসুন ৭০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে পাইকারি বাজারে কমেছে পেঁয়াজের দাম। সরবরাহ বেশি হওয়ায় দেশি ও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কম দামে বিক্রি হচ্ছে, যা আরও কমতে পারে বলে জানান বিক্রেতারা। রসুনের বাজার: পেঁয়াজ, রসুন ও আদার পাইকারি ব্যবসা কেন্দ্র ঢাকার শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি রসুন বিক্রি হয় ৪৪ থেকে ৪৫ টাকা। ১০ দিন আগেও এই রসুন বিক্রি হয়েছে ৩৭ থেকে ৩৮ টাকায়। চীনা রসুন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকায়। আগে এর দাম ছিল ৪১ থেকে ৪২ টাকা।তবে শ্যামবাজারের কয়েকজন পাইকারি ব্যবসায়ী বলেন, রসুনের দাম শিগগিরই কমবে। তাঁরা বলেন, দেশের চেয়ে প্রতিবেশী ভারতে রসুনের দাম অনেক বেশি। সে কারণে বেশ কিছু দিন ধরে এখান থেকে প্রচুর পরিমাণে চীনা রসুন ভারতে পাচার হয়েছে। কিন্তু এ বিষয়ে সরকারের পদক্ষেপের পর রসুনের পাচার বন্ধ হয়েছে। ফলে বাজারে রসুনের যে সংকট দেখা দিয়েছিল, সেটা কাটতে শুরু করেছে। সুতরাং সরবরাহ বাড়লেই দাম কমবে।পেঁয়াজের দাম আর বাড়বে না: শ্যামবাজারে গতকাল দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ২৫ থেকে ২৭ টাকায় বিক্রি হয়েছে। বেশকিছু দিন ধরে এ দামেই পেঁয়াজ বিক্রি হচ্ছে।তবে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কম হলেও খুচরা বাজারে এখনো বেশি দামেই পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ৩৮ থেকে ৪২ এবং ভারতীয় পেঁয়াজ ৩৪ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।কয়েকজন ব্যবসায়ী বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর সেই দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকেও ঢাকায় পেঁয়াজ আসছে। বাজারে পেঁয়াজের কোনো সংকট না থাকায় দাম কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মৌসুমে দেশে ১৪ লাখ ৪০ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। অধিদপ্তর বলছে, দেশে এখন পেঁয়াজের চাহিদা ১৫ লাখ টন। সে হিসাবে পেঁয়াজের ঘাটতি এখন মাত্র ৬৬ হাজার টন। দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ার কারণে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের সময়ও দেশে পেঁয়াজের দাম কম ছিল।শ্যামবাজারের ঢাকা বাণিজ্যালয়ের ব্যবসায়ী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, এখন দেশি পেঁয়াজ বাজারজাতকরণের শেষ সময় চলছে। তাই কৃষকেরা পেঁয়াজ মজুদ না করে বাজারে ছেড়ে দিচ্ছেন। সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম কম। তিনি আরও বলেন, এক থেকে দেড় মাস পর বাজারে নতুন পেঁয়াজ আসবে। ফলে বাজারে আগামী তিন-চার মাস পেঁয়াজের দাম দাম বাড়ার সম্ভাবনা কম।